বিশ্বকাপ দল ঘোষণার আগে রেফারির ভুলে মাঠ ছেড়ে ক্ষুব্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক

রোববার ঘরের মাঠে কুরিতিবার কাছে ৩-০ গোলে হেরেছে সান্তোস। তবে এই ম্যাচে হারের চেয়েও বড় আলোচনা তৈরি হয়েছে নেইমারকে ঘিরে। ভুলবশত বদলি করায় ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে এক উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা।

বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষণার ঠিক আগের দিন এমন ঘটনা ঘটল। ম্যাচের ৬৫তম মিনিটে চোটপ্রবণ ৩৪ বছর বয়সী নেইমার মাঠের সাইডলাইনের পাশে চিকিৎসা নিচ্ছিলেন, যা ছিল টিম বেঞ্চের ঠিক বিপরীত পাশে।

চতুর্থ অফিসিয়াল যখন তার ১০ নম্বর বোর্ডটি ওপরে তোলেন, তখন নেইমার সেটি খেয়াল করেননি। তিনি যখন সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত হন, ততক্ষণে তার বদলে মাঠে নেমে পড়েছেন ব্রাজিলের সাবেক তারকা রবিনহোর ১৮ বছর বয়সী ছেলে রবিনহো জুনিয়র। খেলাও শুরু হয়ে যায়।

নেইমার দৌড়ে মাঠে ঢুকলে রেফারি তাকে মাঠ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে নেইমার চতুর্থ অফিসিয়ালের কাছে হাতে লেখা বদলির চিরকুটটি দেখতে চান। সেখানে দেখা যায়, সান্তোস কোচ কুকা আসলে ৩১ নম্বর জার্সিধারী গঞ্জালো এসকোবারকে তুলে নিতে চেয়েছিলেন। কিন্তু খেলা শুরু হওয়ার আগে তিনি ভুল নম্বরটি খেয়াল করতে পারেননি।

সান্তোস ততক্ষণে ৩ গোলে পিছিয়ে ছিল। এই হারের পর ব্রাজিলের সেরি এ লিগে অবনমন অঞ্চলে নেমে গেছে তারা।

ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি এযাবৎ ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতাকে দলে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি। আনচেলত্তির নজর কাড়ার জন্য নেইমারের সামনে এটিই ছিল শেষ সুযোগ।

হাঁটুর অস্ত্রোপচারের কারণে মৌসুমের শুরু থেকে খেলতে পারেননি নেইমার। চলতি মৌসুমে ক্লাবের ১৬টি লিগ ম্যাচের মধ্যে মাত্র অর্ধেক ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এর মধ্যেই ৪টি গোল করার পাশাপাশি ৫টি হলুদ কার্ডও দেখেছেন এই তারকা।