রিয়াল ছাড়ার ঘোষণা আরবেলোয়ার, ‘এটা বিদায় নয়, আবার দেখা হবে’

স্পোর্টস ডেস্ক

অবশেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন আলভারো আরবেলোয়া। শুক্রবার সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচ নিশ্চিত করেছেন, শনিবারের ম্যাচটিই হবে রিয়াল মাদ্রিদের বেঞ্চে তার শেষ ম্যাচ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্তভাবে 'হ্যাঁ' বলেই নিজের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন আরবেলোয়া। তবে বিদায়কে চূড়ান্ত বিচ্ছেদ হিসেবে দেখতে নারাজ তিনি, 'আমি আশা করি এটি কেবলই সাময়িক বিদায়, কারণ আমি সবসময়ই এই ক্লাবটিকে নিজের বাড়ি বলে মনে করেছি। আমি গত ২০ বছর ধরে রিয়াল মাদ্রিদের সাথে নানা ভূমিকায় যুক্ত আছি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এই মৌসুমে এটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, তবে এটিই আমার জীবনের শেষ ম্যাচ কিনা তা আমি জানি না।'

'আমি ম্যাচটি উপভোগ করার এবং জয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। সোমবার থেকে আমার জন্য কোনটি সেরা হবে, তা নিয়ে ভাবতে হবে। আমি পরবর্তী ধাপে পা রেখেছি, এই চার মাসে নিজের অনেক উন্নতি করেছি এবং নতুন চ্যালেঞ্জের জন্য আমি নিজেকে প্রস্তুত মনে করছি,' বলেন তিনি।

রিয়ালের দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে নিজের অনেক উন্নতি হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, এখন তিনি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। দায়িত্ব পালনের সময় নিজের চিন্তার চেয়ে ক্লাবের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন আরবেলোয়া, 'সুযোগ যখন এসেছে, তখন সেটাই গ্রহণ করেছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিস্থিতি কীভাবে সামলানো হয়। আমি সবসময় নিজের আগে রিয়াল মাদ্রিদের কথা ভেবেছি।'

একই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, ক্লাব তার ওপর কোনো শর্ত চাপিয়ে দেয়নি। বরং কঠিন পরিস্থিতির মধ্যেই দায়িত্ব পালন করতে হয়েছে তাকে। মৌসুমের মাঝপথে দায়িত্ব নেওয়ায় পরিস্থিতি সামলানো আরও কঠিন ছিল বলেও জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে আরবেলোয়া বলেন, গত চার মাস তিনি নিজের কথা ভাবেননি। এখন সামনে কী করা উচিত, সেটি নিয়েই ভাববেন। এক বছর আগেও তিনি যুব দলের কোচ ছিলেন, আর এখন এই পর্যায়ে এসে নিজেকে অনেক বেশি প্রস্তুত মনে করছেন।

তবে জোসে মরিনহোর সহকারী হিসেবে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, 'মরিনহোর নিজস্ব দারুণ কোচিং স্টাফ আছে। তিনি যদি রিয়াল মাদ্রিদের কোচ হন, তাহলে নিজের দল নিয়েই কাজ করবেন।'

বিদায়ের আগে খেলোয়াড়দের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আরবেলোয়া, 'গত চার মাসে দলের সঙ্গে অনেক কিছু পার করতে হয়েছে। সব খেলোয়াড়ের সঙ্গে একই ধরনের সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়, মতভেদও ছিল, যা যেকোনো কোচের ক্ষেত্রেই স্বাভাবিক।'