‘ডুলির নিয়োগ এখনও চূড়ান্ত নয়’, ক্রীড়া প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ নাটকীয়ভাবে নতুন প্রধান কোচ হিসেবে টমাস ডুলিকে পরিচয় করিয়ে দেওয়ার পরদিনই বিস্ফোরক মন্তব্য করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার দাবি, জার্মান বংশোদ্ভূত এই আমেরিকান কোচের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত করা হয়নি।
হাভিয়ের কাবরেরার বিদায়ের পর অনেক নাটকীয়তা শেষে ৬৫ বছর বয়সী ডুলিকে গতকাল শুক্রবার নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় বাফুফে। তিনি সকালে ঢাকায় পৌঁছানোর পর বিকালে রাজধানীতে আয়োজিত 'কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে উপস্থাপন করা হয়।
কিন্তু শনিবার 'এএফসি গ্রাসরুটস ফুটবল ডে' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল গণমাধ্যমকে জানান, চুক্তি চূড়ান্ত করার আগে ডুলিকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর সেটা হলো আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠেয় বাংলাদেশ দলের প্রীতি ম্যাচের পারফরম্যান্স।
গণমাধ্যমকে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল বলেন, 'আমরা সান মারিনো ম্যাচটিকে পরীক্ষার মঞ্চ হিসেবে দেখতে চাই। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
তিনি যোগ করেন, 'আমার মতে, বাংলাদেশের ফুটবলের বর্তমান বাস্তবতা বিবেচনায়, আগে কোচকে পরীক্ষামূলকভাবে মূল্যায়ন করা উচিত। আমি ইতোমধ্যে বাফুফে সভাপতিকে (তাবিথ আউয়াল) বলেছি, ভবিষ্যতে আরও ভালো কোনো বিকল্প পাওয়া গেলে যেন দ্রুত তাকে আনার জন্য খোঁজ চালিয়ে যাওয়া হয়।'
ফুটবলার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া আমিনুল আর জানান, নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় বাফুফে সভাপতির সাথে তার একাধিক বৈঠক হলেও ডুলিকে নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো আলোচনা হয়নি, 'ক্রিস কোলম্যানকে নিয়ে তারা আমার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং আমি তাতে সম্মতি দিয়েছিলাম। কিন্তু টমাস ডুলির নিয়োগের বিষয়ে বাফুফে আমার কোনো সহায়তা চায়নি।'
তবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে কোনো দূরত্ব নেই বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিথের প্রতিক্রিয়া জানতে তাকে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হয় দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে। তিনি আমিনুলের মন্তব্যকে অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি।
তাবিথ বলেন, 'বাফুফে সম্পূর্ণভাবে তার নিজস্ব নিয়ম ও আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করছে। আমরা আন্তরিকভাবেই অন্য কারও মন্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করতে পারি না কিংবা এই ধরনের বিষয়ে কোনো ব্যাখ্যাও দিতে পারি না।। আমাদের ওপর আস্থা ও সমর্থন রাখার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।'