নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের ভাবনা
সাফ চ্যাম্পিয়নশিপের সময় পরিবর্তন করে আগামী নভেম্বরে আয়োজন করার কথা ভাবছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আর আঞ্চলিক এই প্রতিযোগিতাটির আয়োজক শহর হওয়ার দৌড়ে ঢাকার নামই সবচেয়ে এগিয়ে রয়েছে।
মঙ্গলবার ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপালের মধ্যকার সেমিফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল।
কাট্টেল সাংবাদিকদের বলেন, 'আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ঢাকায় এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করার। কিন্তু ভারতের আসিয়ান কাপে অংশ নেওয়ার ইচ্ছার কারণে আমরা এখন এটি নভেম্বরে পিছিয়ে নেওয়ার কথা ভাবছি। প্রাথমিকভাবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য সময় ধরা হয়েছে।'
কাট্টেল আরও জানান, আঞ্চলিক এই ফুটবল সংস্থাটি এবারের টুর্নামেন্টটি দুটি ভিন্ন ভেন্যুতে আয়োজন করার সম্ভাবনাও খতিয়ে দেখছে, 'আমরা দুটি ভেন্যুতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথা ভাবছি, তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।'
সাফের সাধারণ সম্পাদক আরেকটি বড় পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করতে যাচ্ছে তারা। সাফের কোনো সদস্য দেশই তাদের ঘরোয়া লিগে এই ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহার না করলেও একে একটি 'যুগান্তকারী শুরু' হিসেবে উল্লেখ করেন কাট্টেল।
কাট্টেল যোগ করেন, চলতি মাসের শেষদিকেই সাত দল নিয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের ড্র সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সাফের।