যেখানে থাকতে চেয়েছেন ঠিক সেখানেই আছেন রদ্রি

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার জার্সিতে অভিষেক ম্যাচের পর নিজের উচ্ছ্বাস গোপন করেননি বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। নতুন ঠিকানায় মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করার বাসনাও প্রকাশ করেছেন এই তারকা।

লা লিগায় বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রাফিনিয়া ও ফারমিন লোপেজের লক্ষ্যভেদে ২-০ গোলে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে বার্সা। এই ম্যাচ দিয়ে কাতালানদের হয়ে প্রথমবার মাঠে খেলতে নামেন ৩০ বছর বয়সী রদ্রি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তাকে নামান আসরের শিরোপাধারীদের কোচ হান্সি ফ্লিক।

নতুন মৌসুমে লিগের প্রথম ম্যাচে গত রোববার রাতে এলচের মাঠে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছিল বার্সেলোনা। পুরোপুরি সেরে না ওঠায় সেদিন খেলতে পারেননি ব্যালন দি’অরজয়ী রদ্রি। ফিট হয়ে ওঠায় বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয় তাকে। ৫৯ হাজার ৩২৬ জন দর্শকের সামনে তুমুল করতালির মধ্যে ৬৩তম মিনিটে মার্ক বার্নালের জায়গায় মাঠে ঢোকেন তিনি।

অভিষেকে ২৭ মিনিট খেলা রদ্রি শেষ বাঁশি বাজার পর জানান, ‘এই জয়ে আনন্দিত’ তিনি। পাশাপাশি ‘এমন একটি দুর্দান্ত দলের সাথে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করার ইচ্ছা’ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এবারের গ্রীষ্মটা (চোট ও দলবদল নিয়ে টানাপোড়েনের কারণে) অনেক উদ্বেগের ছিল, কিন্তু আমি যেখানে থাকতে চেয়েছি ঠিক সেখানেই আছি। এখন আমাকে সতীর্থদের ছন্দের সাথে মানিয়ে নিতে হবে এবং কঠোর পরিশ্রম করার সময় এসেছে।’

অনেক নাটকীয়তার পর গত ১৯ আগস্ট প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় নাম লেখান রদ্রি। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে চার বছরের জন্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, তাকে পেতে ক্যাম্প ন্যুর ক্লাবটিকে ৬ কোটি ৮০ লাখ ইউরো খরচ করতে হয়েছে। এর আগে তাকে পেতে আগ্রহী ছিল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

ক্যাম্প ন্যুতে এর আগে তিনটি ম্যাচ খেলেছিলেন রদ্রি— ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে। ক্লাব পর্যায়ে শেষবার তাকে এই মাঠে খেলতে দেখা গিয়েছিল ২০১৯ সালের এপ্রিলে। লা লিগার ওই ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে অ্যাতলেতিকোকে ২-০ গোলে হারিয়েছিল বার্সা।

রদ্রিকে দলে পেয়ে ভীষণ খুশি জার্মান কোচ ফ্লিক। তিনি বলেন, ‘সে বার্সার হয়ে খেলছে— এতে সবাই খুশি। আমাদের দর্শন ও খেলার ধরনের জন্য সে একদম উপযুক্ত খেলোয়াড়।’

দুই ম্যাচে দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে আছে আরও তিনটি দল। রিয়াল দুইয়ে, সেভিয়া তিনে ও রিয়াল বেতিস চারে অবস্থান করছে।