‘রাফিনিয়া ব্যালন ডি’অরে মনোনীত হননি কেন?’
দারুণ খেলেও বার্সেলোনার কাছে হার এড়াতে পারেনি সেভিয়া। মূলত রাফিনিয়ার কাছে হেরেছে দলটি। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হ্যাটট্রিকেই বার্সেলোনা জয় নিশ্চিত করার পর তার ব্যালন ডি’অরের মনোনয়ন না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাজা।
ম্যাচ শেষে গার্সিয়া প্লাজা বলেন, 'রাফিনিয়ার মনোনয়ন না পাওয়ার বিষয়টি... এ কারণেই আমি এসব পুরস্কারে খুব একটা বিশ্বাস করি না। রাফিনিয়া সবকিছুই করে।' এরপরই প্রশ্ন ছুড়ে দেন, 'সে ব্যালন ডি’অরের জন্য মনোনীতই হয়নি কেন?'
রাফিনিয়ার তিন গোলেই সেভিয়াকে হারিয়েছে বার্সেলোনা। তবে ৩-১ স্কোরলাইন দেখে ম্যাচের পুরো চিত্র বোঝা যাবে না বলে মনে করেন গার্সিয়া প্লাজা। তার দাবি, প্রথমার্ধে বরং সেভিয়াই ছিল ভালো দল। বার্সেলোনাকে নিজেদের সেরা ফুটবল খেলতে বাধ্য করেছিল তার দল।
'আমরা জানি কীভাবে খেলতে হয়। আমরা বার্সেলোনার সেরা সংস্করণটা বের করে এনেছি, যাতে তারা আমাদের হারাতে পারে। প্রথমার্ধটা আমরা উপভোগ করেছি। বিরতিতে যদি আমরা ২-১ গোলে এগিয়ে থাকতাম, তাহলে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ভিন্নভাবে সামলাতে পারতাম,' বলেন তিনি।
প্রথমার্ধে এগিয়ে যেতে না পারায় আক্ষেপও করেছেন সেভিয়া কোচ, 'এটা দুঃখজনক যে এমনটা হয়নি। কারণ প্রথমার্ধে আমরা ভালো দল ছিলাম। যদিও এরপর তারা আমাদের ওপর চাপ বাড়িয়েছে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতে বাধ্য করেছে। ধীরে ধীরে আমরা ফিকে হয়ে গেছি। আমরাই প্রথম দল, যারা তাদের বিপক্ষে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি। তারা অবিশ্বাস্য এক পর্যায়ে আছে। আমার দল দারুণ একটি ম্যাচ খেলেছে।'
বার্সেলোনার শক্তি নিয়েও কোনো সংশয় নেই গার্সিয়া প্লাজার। হান্সি ফ্লিকের দল এখন অসাধারণ উচ্চতায় আছে বলে মনে করেন তিনি। তবে প্রতিপক্ষের মানের চেয়ে নিজের দলের পারফরম্যান্সেই বেশি সন্তুষ্ট সেভিয়া কোচ।
ম্যাচে বার্সেলোনার ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চোট পাওয়ার পর সেভিয়ার আক্রমণের একটি মুহূর্তে রেফারি খেলা থামিয়ে দিয়েছিলেন। এ নিয়েও প্রশ্ন করা হয় গার্সিয়া প্লাজাকে। সংক্ষিপ্ত জবাবে তিনি বলেন, 'ক্রিস্টেনসেনের ওই ঘটনায় বলার মতো কিছু নেই। রেফারি যা দেখেছেন, সেটাই করেছেন।'
দলের সঙ্গে সমর্থকদের সম্পর্ক নিয়েও সন্তুষ্ট সেভিয়া কোচ, 'আমার মনে হয় মানুষ দেখতে পাচ্ছে, দলের খেলার ধরন পরিষ্কার, তারা নিজেদের সবটুকু দিয়ে খেলছে এবং নিজেদের কাজে বিশ্বাস রাখছে। আমরা জানি, সমর্থকেরা আমাদের পাশে থাকবে এবং খেলোয়াড়দের নিয়ে গর্বিত হবে।'
চলতি মৌসুমে সাত ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার মতো দলের মুখোমুখি হয়েছে সেভিয়া। গার্সিয়া প্লাজার মতে, এসব ম্যাচে তার দল প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য দেখিয়েছে। 'আমরা সাতটি ম্যাচ খেলেছি, অ্যাতলেতিকো ও বার্সেলোনাকে টপকে এসেছি। আমার মনে হয়, দলগুলোর ফিনিশিংয়ের মধ্যে পার্থক্য আছে। আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুব খুশি। এখন বিশ্রাম নেওয়ার সময়, বিনয় ধরে রাখার সময়। আর সমর্থকদের সঙ্গে এই মুহূর্তটা উপভোগ করার সময়,' বলেন তিনি।