ইতালির মুখোমুখি জিদান, ফিরছে ২০০৬ বিশ্বকাপের স্মৃতি
আবারও সামনে ইতালি, আবারও পুরোনো এক স্মৃতি। ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই বহুল আলোচিত মুহূর্ত। মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন জিনেদিন জিদান। সেই ঘটনার পর কেটে গেছে দুই দশক, বদলে গেছে অনেক কিছু। খেলোয়াড় জিদান এখন ফ্রান্সের কোচ। আর দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ঘরের ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে সামনে সেই ইতালি। তবে অতীতের সেই অধ্যায় নিয়ে আজও অনুশোচনা নেই বলেই জানালেন ফরাসি কিংবদন্তি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ২০০৬ সালের ঘটনার প্রসঙ্গ উঠলে জিদান বলেন, সেই দৃশ্য তাকে বারবার অতীতে ফিরিয়ে নেয়। ‘২০০৬ সালে কী ঘটেছিল, সেই কথা মনে করিয়ে দিতে ছবিগুলো সবসময়ই সামনে আসে,’ বলেন তিনি। তবে নিজের দীর্ঘ ক্যারিয়ারে ওই ঘটনাই একমাত্র পরিচয় নয়, বরং ইতিবাচক মুহূর্তগুলোর কথাই বেশি মনে রাখতে চান জিদান।
‘আমি অনুশোচনা করি না, কারণ সেটিও আমার ক্যারিয়ারের একটি অংশ,’ বলেন ৫৪ বছর বয়সী জিদান। তবে ঘটনাটি নিয়ে গর্বিত নন, সেটিও স্পষ্ট করেছেন তিনি, ‘আমি যা ঘটেছিল, তা নিয়ে গর্বিত নই। এটা আমি বারবার বলেছি। কিন্তু এটি আমার ক্যারিয়ারের অংশ। আপনি তো শুধু ভালো ভালো কাজই করতে পারবেন না।’
২০০৬ সালের বিশ্বকাপ ফাইনাল ছিল জিদানের খেলোয়াড়জীবনের শেষ ম্যাচ। অতিরিক্ত সময়ে মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে ইতালি। সেই রাতের পর মাতেরাজ্জির সঙ্গে আর কথা হয়নি বলেও জানিয়েছেন জিদান।
তখন অবশ্য তিনি জানতেন না, একদিন ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে আবারও ইতালির মুখোমুখি হবেন জিদান, ‘২০০৬ সালে আমি জানতাম না যে একদিন কোচ হব। আমি ভেবেছিলাম, সেটিই আমার শেষ। তাই সময়টা আমার জন্য সত্যিই কঠিন ছিল।’
জুলাইয়ের শেষ দিকে দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে ফ্রান্সের দায়িত্ব নেন জিদান। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর ১৪ বছর দায়িত্ব পালনের ইতি টেনে সরে দাঁড়ান দেশম। নতুন কোচের অধীনে ফ্রান্সের প্রথম দুটি ম্যাচই ছিল দেশের বাইরে। নেশন্স লিগে তুরস্ক ও বেলজিয়াম দুই দলের বিপক্ষেই ১-০ ব্যবধানে জয় পেয়েছে ফরাসিরা।
এবার নিজের ঘরের মাঠে প্রথমবার ফ্রান্সকে নিয়ে নামছেন জিদান। প্যারিসের উত্তরে অবস্থিত স্তাদে দ্য ফ্রান্সে ম্যাচটি দেখতে প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। জাতীয় দলের কোচ হিসেবে তো বটেই, ফ্রান্সের এক কিংবদন্তি হিসেবে জিদানের জন্যও এটি হতে যাচ্ছে আবেগঘন প্রত্যাবর্তন। ২০০৬ সালে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের পর এই স্টেডিয়ামে আর খেলোয়াড় হিসেবে মাঠে নামেননি তিনি।
তবে ইতালির বিপক্ষে ম্যাচে ফ্রান্সকে খেলতে হবে অধিনায়ক কিলিয়ান এমবাপেকে ছাড়াই। তুরস্কের বিপক্ষে গত সপ্তাহে জয়সূচক গোল করার সময় হাঁটুতে চোট পান তিনি। এরপর নিজের ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন ফরাসি তারকা।