বার্সেলোনার জটিল পরিস্থিতি নিয়ে যা বললেন অঁরি
চমক দেখিয়ে এবার গ্রীষ্মের দল-বদলে দারুণ কিছু সাইনিং করে বার্সেলোনা। ফলে এবার চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু প্রত্যাশা করেছিল দলটি। কিন্তু উল্টো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো খেলতে হচ্ছে ইউরোপা লিগে। এ নিয়ে কাঁটাছেঁড়া চলছেই। ছাড় পাচ্ছেন না জাভি হার্নান্দেজও। তবে দুঃসময়ে সাবেক সতীর্থ থিয়েরি অঁরিকে পাশে পাচ্ছেন বার্সা কোচ।
অথচ চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। ভিক্তরিয়া প্লাজেনকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে শুরু। কিন্তু পরের ম্যাচেই বায়ার্ন মিউনিখের মাঠে পেরে ওঠেনি দলটি। পুরো ম্যাচে দাপট দেখিয়েও হারতে হয় তাদের। সে ধারায় ইন্টার মিলানের মাঠেও হার। এমনকি ঘরের মাঠ ন্যু ক্যাম্পেও নেরারুজ্জিদের হারাতে পারেনি তারা। মূলত তখনই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় তারা।
এরপর ঘরের মাঠে বায়ার্নের কাছে ফের বিধ্বস্ত হয় বার্সেলোনা। ৩-০ গোলের ব্যবধানে হারা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা সে অর্থে করতে পারেনি তারা। পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি দলটি। অনেকেই তাই বার্সেলোনা কোচের দর্শন নিয়ে সমালোচনায় মেতেছেন। তবে জাভি ছাড়া অন্য কেউ থাকলে একই পরিস্থিতি হতো বলে মনে করেন অঁরি, 'এখন যদি বার্সেলোনায় অন্য কেউ কোচ থাকতেন, যা ঘটছে তা নিয়ে মোকাবেলা করলে সেখানে যে আগ্নেয়গিরি আছে তার চেয়েও বড় আগ্নেয়গিরি হতে পারতো। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতো।'
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সংগ্রামের জন্য ভাগ্যকে দুষছেন অঁরি। বিশেষ করে মিউনিখে লেভানদোভস্কির একাধিক সহগ সুযোগ নষ্ট করার বিষয়টি তুলে ধরেন তিনি, 'তবে জাভির জন্য, এটা ঠিক আছে। তারা লা লিগায় দ্বিতীয় স্থানে আছে এবং আমরা সবাই জানি বায়ার্নের বিপক্ষে (মিউনিখে) লেভানদোভস্কির গোল করা উচিত ছিল। এটা তার দোষ নয়। আবার ডামফ্রিজের হ্যান্ডবলের মতো। কিন্তু আপনি যেহেতু বার্সেলোনার কোচ এবং আপনার বিচার হবে।'
তবে বর্তমানে কোচদের দল গঠনের জন্য খুব বেশি সময়ে দেওয়া হয় না বলেই মনে করেন এ সাবেক বার্সেলোনা ও আর্সেনাল তারকা। অ্যাস্টন ভিলা থেকে স্টিভেন জেরার্ডের ছাঁটাইয়ের বিষয়টি তুলে ধরে বলেন, 'বার্সেলোনায় সময় বেশি পাওয়া যায় না, এটা সবচেয়ে জটিল ব্যাপারগুলোর মধ্যে একটি। মানুষজন এখনই জয়ের প্রত্যাশা করে, বিশেষ করে গ্রীষ্মে এতো বিনিয়োগের পরে তাদের জয়ের প্রয়োজন। ফলাফল গণনা, যেমনটা স্টিভেন জেরার্ডের সঙ্গে ঘটেছে। তারা তাকে খুব দ্রুতই বরখাস্ত করেছে, তাকে দল গঠনের জন্য কাজ করতে দেওয়া হয়নি।'
দল গুছিয়ে নেওয়ার জন্য জাভি আরও সময় দেওয়া দরকার মনে করেন এ সাবেক ফরোয়ার্ড, 'আপনি যদি জাহাজের ক্যাপ্টেন হন তবে আপনাকে অবশ্যই আরও ব্যাখ্যা করতে হবে। আমি মনে করি সে (জাভি) একটি দুর্দান্ত কাজ করছে, ঠিক যেমন আমি মনে করি স্টিভেন জেরার্ডকে অ্যাস্টন ভিলায় যথেষ্ট সময় দেওয়া হয়নি। সে দলের সাবেক খেলোয়াড় হোক বা না হোক, আপনাকে সময় দিতে হবে।'