সেমেনিওকে পাওয়ার লড়াইয়ে জয়ী ম্যান সিটি
আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে থাকা ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথ থেকে ২৬ বছর বয়সী ঘানাইয়ান উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিওকে দলে ভিড়িয়েছে তারা।
শুক্রবার সম্পন্ন হয়েছে দলবদল। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে সাড়ে পাঁচ বছরের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, সেমেনিওকে পেতে ট্রান্সফার ফি হিসেবে রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হয়েছে সিটিজেনদের। অর্থাৎ ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটির লেগেছে ৮ কোটি ৭০ লাখ ডলার।
সেমেনিওর জন্য লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাবগুলোও আগ্রহী ছিল। তবে তার রিলিজ ক্লজের মেয়াদ শেষ হওয়ার আগেই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে লড়াইয়ে জয়ী হয়েছে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার দল।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন লন্ডনে জন্ম নেওয়া সেমেনিও। প্রিমিয়ার লিগে ইতোমধ্যে ১০টি গোল পেয়েছেন, অ্যাসিস্ট করেছেন তিনটি। বোর্নমাউথের হয়ে তার শেষ ম্যাচটি ছিল গত বুধবার রাতে টটেনহ্যামের বিপক্ষে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তিনি লক্ষ্যভেদ করে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পাইয়ে দেন চেরিদের।
সিটিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় সেমেনিও বলেন, 'ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। গত এক দশকে পেপ গার্দিওলার অধীনে আমি সিটির আধিপত্য দেখেছি। তারা প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপেও অবিশ্বাস্য সাফল্য পেয়েছে।'
তিনি যোগ করেন, 'আমার উন্নতির অনেক সুযোগ আছে। তাই ক্যারিয়ারের এই পর্যায়ে এমন একটি ক্লাবে আসতে পারা আমার জন্য সবচেয়ে উপযুক্ত সুযোগ। আমি নিশ্চিত যে, আমার সেরা ফুটবলটা খেলা এখনও বাকি।'
চারটি শিরোপার লড়াইয়ে টিকে থাকতে ম্যান সিটির জন্য সেমেনিওর অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ২১ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে বর্তমানে ৬ পয়েন্ট পিছিয়ে আছে তারা। এছাড়া, সামনের সপ্তাহগুলোতে তাদের চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
বর্তমানে ব্রাজিলিয়ান সাভিনিও চোটে আছেন এবং মিশরীয় ওমর মারমুশ আফ্রিকা কাপ অব নেশনন্সে খেলছেন। ফলে উইঙ্গার পজিশনে গার্দিওলার হাতে বিকল্প খুব কম ছিল। আগামীকাল শনিবার এফএ কাপের ম্যাচে সিটির জার্সিতে সেমেনিওর অভিষেক হতে পারে।
আক্রমণভাগের পাশাপাশি সিটিজেনরা এখন রক্ষণভাগ নিয়েও ভাবছে। রুবেন দিয়াস ও ইয়োসকো ভারদিওল চোটে পড়ায় ক্লাবটি নতুন ডিফেন্ডার খুঁজছে। ক্রিস্টাল প্যালেসের অধিনায়ক মার্ক গেহি বর্তমানে তাদের প্রধান লক্ষ্য।