থাইল্যান্ডকে উড়িয়ে সপ্তম বাংলাদেশ
জাপানে চলমান এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করে নিজেদের অভিযান শেষ করল বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারাল তারা।
ম্যাচের শুরুতেই ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে দলকে উল্লাসে মাতান রোমান সরকার। প্রথম কোয়ার্টারেই পাওয়া এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কোচ পিটার গেরহার্ডের দল।
দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম জাল খুঁজে নেন। শেষ কোয়ার্টারে ফের গোলের উল্লাসে মাতে লাল-সবুজের প্রতিনিধিরা। ৫৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম লক্ষ্যভেদ করেন।
থাইল্যান্ড পাল্টা জবাব দেওয়ার কোনো পথ খুঁজে পায়নি। তাই দাপুটে জয় নিয়েই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে হারলেও শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে জিতেছিল গেরহার্ডের শিষ্যরা। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে তারা পা রাখে নকআউটে।
চীনের সঙ্গে নকআউটের লড়াইয়ে বড় ব্যবধানে পরাস্ত হয় বাংলাদেশ। সেকারণে তাদেরকে অংশ নিতে হয় সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে।