অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা, হ্যান্ডশেক না করা নিয়ে বিতর্ক

স্পোর্টস ডেস্ক

সুইতোলিনাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন আরিনা সাবালেঙ্কা। তবে মাঠের লড়াই ছাপিয়ে আবারও আলোচনায় এসেছে রাজনৈতিক কারণে ম্যাচ শেষে দুই খেলোয়াড়ের হাত না মেলানোর বিষয়টি। শিরোপা নির্ধারণী ম্যাচে সাবালেঙ্কা মুখোমুখি হবেন কাজাখস্তানের এলিনা রিবাকিনার।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সুইতোলিনাকে ৬-২, ৬-৩ গেমে বিধ্বস্ত করেন বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। এই জয়ের মাধ্যমে গত চার বছরে চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে পা রাখলেন ২৭ বছর বয়সী এই বেলারুশীয় তারকা।

​ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল যে, খেলা শেষে দুই খেলোয়াড়ের মধ্যে কোনো 'হ্যান্ডশেক' বা করমর্দন হবে না। ইউক্রেন যুদ্ধের কারণে নিজ দেশের নীতি মেনে রুশ বা বেলারুশীয় খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান না সুইতোলিনা। দর্শকদের এই বিষয়টি 'সম্মান' করার অনুরোধ জানানো হয়। ম্যাচপূর্ব ছবি তোলার সময়ও দুই খেলোয়াড় একে অপরের থেকে দূরত্ব বজায় রাখেন।

​ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, 'সুইতোলিনা অত্যন্ত কঠিন প্রতিপক্ষ এবং পুরো টুর্নামেন্টে সে দারুণ খেলেছে। আমি ফাইনালে উঠতে পেরে আনন্দিত।'

​অন্যদিকে, পরাজয়ের পর নিজের দেশের পরিস্থিতির কথা স্মরণ করে ৩১ বছর বয়সী সুইতোলিনা বলেন, 'ইউক্রেনের মানুষ বর্তমানে ভয়াবহ এবং আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে বাস করছে। সেই তুলনায় আমি খুবই ভাগ্যবান, তাই এই হার নিয়ে খুব বেশি দুঃখ করার সুযোগ নেই আমার।'

​ম্যাচের চতুর্থ গেমে সাবালেঙ্কাকে 'হিন্ড্রেন্স' কল দেন আম্পায়ার। তার জোরে চিৎকার করার (গ্রান্টিং) কারণে প্রতিপক্ষের সমস্যা হচ্ছে উল্লেখ করে পয়েন্ট কেটে নেওয়ায় বিরক্তি প্রকাশ করেন সাবালেঙ্কা। তবে দ্রুতই সেই ধাক্কা সামলে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

​দিনের অন্য সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯/৭) গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন এলিনা রিবাকিনা। এর ফলে দর্শকরা ২০২৩ সালের মেলবোর্ন ফাইনালের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছেন, যেখানে রিবাকিনাকে হারিয়েই শিরোপা জিতেছিলেন সাবালেঙ্কা।

​এ বছর এখন পর্যন্ত একটি সেটও হারেননি সাবালেনকা। বিপরীতে দারুণ ফর্মে থাকা রিবাকিনাও গত ২০ ম্যাচের ১৯টিতেই জয় পেয়েছেন। ফলে শনিবারের ফাইনালটি একটি জমজমাট লড়াই হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।