মেলবোর্নে রিবাকিনা ঝড়, সাবালেঙ্কাকে হারিয়ে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন
রড লেভার অ্যারেনায় ঝড় তুললেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। শীর্ষ বাছাই ও র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা তা সামলাতে পারলেন না। তাকে হারিয়ে চার বছর পর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রিবাকিনা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি।
শনিবার মেলবোর্ন পার্কে নারী এককের ফাইনালে ২-১ সেটে জিতেছেন পঞ্চম বাছাই রিবাকিনা। প্রায় সোয়া দুই ঘণ্টার লড়াইয়ে তিনি ৬-৪, ৪-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন বেলারুশের সাবালেঙ্কাকে। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। গত ২০২২ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা সাবালেঙ্কা হারলেন সবশেষ দুটিতে। এর আগে এই প্রতিযোগিতার ২০২৩ সালের শিরোপা নির্ধারণী ম্যাচে রিবাকিনাকে হারিয়েছিলেন তিনি। স্বাদ পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের। তিন বছর পর সেই হারের মধুর প্রতিশোধ নিলেন রিবাকিনা।
২০০৮ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এমন দুই খেলোয়াড়, যারা টুর্নামেন্টে এর আগে একটি সেটও হারেননি। তবে সাবালেঙ্কাই প্রথম চাপে পড়ে যান। আক্রমণাত্মক মেজাজে থাকা রিবাকিনা প্রথম গেমেই ব্রেক পয়েন্ট আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন।
রিবাকিনার শক্তিশালী শটের সামনে বারবার পরাস্ত হচ্ছিলেন চারটি গ্র্যান্ড স্ল্যামজয়ী সাবালেঙ্কা। সহজেই দশম গেমে সেট পয়েন্টে পৌঁছে যান রিবাকিনা। তবে হার্ডকোর্ট খেলা গ্র্যান্ড স্ল্যামের শেষ ৪৮ ম্যাচের ৪৬টিতেই জয় নিয়ে ফাইনালে ওঠা সাবালেঙ্কা দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান। একটি ফোরহ্যান্ডে রিবাকিনার ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় সেট জিতে সমতা টানেন তিনি।
এতে ফাইনাল গড়ায় তৃতীয় সেটে, যেখানে লড়াইটা হয়ে দাঁড়ায় স্নায়ুচাপ ধরে রাখার। সেখানে সাবালেঙ্কা করেন দারুণ শুরু। ৩-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে হাল ছাড়েননি রিবাকিনা। অসাধারণ প্রত্যাবর্তনে তিনি টানা পাঁচটি গেম জিতে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন।
ট্রফি নিশ্চিত করার পর রিবাকিনা বলেন, 'চমৎকার এই আবহের জন্য আমি আপনাদের (দর্শকদের) ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে গেছে। এই টুর্নামেন্ট আয়োজনের পেছনে যারা কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এটি সত্যিই একটি আনন্দময় গ্র্যান্ড স্ল্যাম। এখানে এসে আপনাদের সামনে খেলতে আমি সব সময়ই খুব উপভোগ করি।'