নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিতে ‘শতভাগ পেশাদার’ থাকবেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

আগামী সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। পুরো ব্রাজিল এখন অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে। রিও ডি জেনিরোর ফুটবলপাড়ায় এখন একটাই আলোচনা—দলে কি নেইমার থাকছেন, নাকি থাকছেন না?

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়ে এখনো সংশয় কাটছে না। দীর্ঘদিনের চোট আর সান্তোসের হয়ে মাঠে ধারাবাহিক হতে না পারা—সব মিলিয়ে এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে সেলেসাওরা। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য নিজের কৌশলে নেইমারকে ফিট করা এখন আনচেলত্তির জন্য বড় চ্যালেঞ্জ।

গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘দল নির্বাচনের সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। নেইমার তার প্রতিভার কারণে এই দেশের জন্য অনেক বড় একজন খেলোয়াড়। কিন্তু তার চোটের সমস্যা ছিল এবং সে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। ইদানীং তার উন্নতি চোখে পড়ার মতো এবং নিয়মিত খেলছেনও। তবে সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য মোটেও সহজ নয়। আমাদের সব দিক খুব ভালোভাবে বিচার-বিশ্লেষণ করতে হবে।’

ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জেতা একমাত্র কোচ আনচেলত্তি। রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতা থাকা এই ইতালিয়ান মাস্টারমাইন্ড পুরো বিষয়টি দেখছেন খুব শান্ত মাথায়।

নেইমারকে দলে রাখা নিয়ে ব্রাজিলিয়ানদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সতীর্থরা প্রকাশ্যে তার পক্ষে কথা বললেও ভক্তদের মনে একটাই ভয়—নেইমারের শরীর কি এখন উচ্চ গতির ফুটবলের ধকল সইতে পারবে?

এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, সতীর্থদের কাছেও অনেক প্রিয়। এটিও একটি বড় দিক। তবে তাকে দলে নিলে ড্রেসিংরুমে কোনো সমস্যা হবে না, কারণ তিনি সবার পছন্দের মানুষ। খেলোয়াড়রা তাদের মতামত দেবে এটাই স্বাভাবিক। আমি সবার পরামর্শের জন্য কৃতজ্ঞ, কিন্তু দিনশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটি আমারই।’

আনচেলত্তির কৌশলে চারজন ফরোয়ার্ডকে সব সময় দৌড়ের ওপর থাকতে হয় এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হয়। টানা খেলার মধ্যে না থাকা নেইমারের জন্য এটি কতটা সম্ভব, সেটিই এখন বড় প্রশ্ন।

তবে আনচেলত্তি কিছুটা আশার বাণী শুনিয়েছেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে তার ফিটনেসের অনেক উন্নতি হয়েছে। তিনি বেশ কিছু ভালো ম্যাচ খেলেছেন এবং মাঠে গতি বজায় রাখতে পারছেন। তবে সব ম্যাচের ধরন তো এক হয় না।’

শেষ পর্যন্ত দল নির্বাচন নিয়ে কোনো আপস করবেন না জানিয়ে তিনি বলেন, ‘নেইমারকে নেওয়ার জন্য আমার ওপর কোনো চাপ নেই। আমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি। সিদ্ধান্তটি হবে শতভাগ পেশাদার। ফুটবলার হিসেবে তিনি কেমন ফর্মে আছেন, শুধু সেটুকুই আমি দেখব। নিখুঁত দল গড়া অসম্ভব হলেও, আমি চেষ্টা করব অন্যদের চেয়ে কম ভুল করে সেরা দলটাই বেছে নিতে।’