প্রথমবার বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে ম্যাডোনা-শাকিরা-বিটিএস-কোল্ডপ্লে
ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে আয়োজিত হতে যাচ্ছে হাফটাইম শো, যেখানে একসঙ্গে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, কোল্ডপ্লে এবং বিটিএস।
বুধবার রাতে ফিফা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। এক টিজার ভিডিওতে খবরটি প্রকাশ করা হয়, যেখানে কোল্ডপ্লের ক্রিস মার্টিন ও জনপ্রিয় চরিত্র এলমো এই আয়োজনের ঘোষণা দেন। তাদের সঙ্গে উপস্থিত ছিল মাপেট শোয়ের কেরমিট, মিস পিগি সহ আরও কয়েকজন তারকা।
টিজারে জানানো হয়, ম্যাডোনা, শাকিরা ও বিটিএসকে যৌথভাবে হাফটাইম শোয়ের প্রধান শিল্পী হিসেবে নির্বাচন করা হয়েছে। এই শো থেকে অর্জিত অর্থ দান করা হবে 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এ, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা।
বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এটি বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া ইভেন্টগুলোর একটি। ২০২২ সালের ফাইনালেই ৫০০ মিলিয়নের বেশি দর্শক সরাসরি ম্যাচটি দেখেছিলেন।
এর আগে ২০২৫ ক্লাব বিশ্বকাপে প্রথমবার পরীক্ষামূলকভাবে হাফটাইম শো আয়োজন করে ফিফা, যেখানে পারফর্ম করেছিলেন দোজা ক্যাট, টেমস ও জে বালভিন। এরই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ ফাইনালে আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এই শো, যা ফুটবল ও বিনোদনের মিলনবিন্দু হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে শেষবার বিশ্বকাপ হয়েছিল ১৯৯৪ সালে, যা ছিল দর্শক সংখ্যার দিক থেকে সবচেয়ে সফল আসরগুলোর একটি। এবার ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে।