এমবাপে-দেম্বেলেদের নিয়েই বিশ্বকাপ মিশনে ফ্রান্স
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ফ্রান্স। বৃহস্পতিবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম, যেখানে আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপে, ওসমান দেম্বেলেদের মতো তারকারা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।
২০১৮ সালে রাশিয়ায় ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম আগেই জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন। তাই এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ অভিযান। প্রত্যাশামতোই অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে দল সাজিয়েছেন তিনি।
চোটের কারণে গত মাসে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মিস করেছিলেন এমবাপে। তবুও ফরাসি অধিনায়কের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে কোনো শঙ্কা ছিল না। উত্তর আমেরিকার বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগের নেতৃত্বও দেওয়ার কথা তারই।
এমবাপের সঙ্গে আক্রমণে থাকছেন ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে, তরুণ প্রতিভা দেজিরে দুয়ে এবং বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রায়ান শেরকি। ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত অভিষেক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবেই এই ডাক পেয়েছেন ২২ বছর বয়সী এই প্লেমেকার।
রক্ষণভাগে ভরসার নাম উইলিয়াম সালিবা। আর্সেনাল ডিফেন্ডারকে ঘিরেই শক্ত ভিত্তি গড়তে চায় ফ্রান্স। আর ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মধ্যে এমবাপে ও দেম্বেলে ছাড়া এবারও আছেন লুকাস হার্নান্দেজ ও এন’গোলো কান্তে।
ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: মাইক মেনিয়ান, রবিন রিসার, ব্রিস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস দিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাকসেন্স লাক্রোয়া, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দাইও উপামেকানো।
মিডফিল্ডার: এন’গোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জায়েরে-এমেরি।
ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কুস থুরাম।