২০৩০ পর্যন্ত ব্রাজিলের কোচ আনচেলত্তি
বিশ্বকাপ ব্যর্থতার অধ্যায় পেছনে ফেলে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে চায় ব্রাজিল। সেই লক্ষ্যেই ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ওপর দীর্ঘমেয়াদি আস্থা রেখেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বৃহস্পতিবার সিবিএফ ঘোষণা দিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকছেন আনচেলত্তি।
৬৬ বছর বয়সী এই কোচ গত বছর ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন। তার অধীনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সফলভাবে জায়গা করে নেয় ২০২৬ বিশ্বকাপে, যা আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে।
সিবিএফের প্রকাশিত বিবৃতিতে আনচেলত্তি বলেছেন, 'প্রথম মুহূর্ত থেকেই আমি বুঝেছি, এই দেশে ফুটবল কতটা গুরুত্বপূর্ণ। গত এক বছর ধরে আমরা ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে ফেরানোর জন্য কাজ করছি।'
সাবেক রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসি কোচ আরও বলেছেন, তিনি ব্রাজিলের সঙ্গে 'আরও জয়, আরও সময় এবং আরও কাজ' চান।
জাতীয় দলের কোচ হিসেবে এটিই আনচেলত্তির প্রথম দায়িত্ব। তবে ক্লাব ফুটবলে তার সাফল্যের গল্প অনেক দীর্ঘ। সেই অভিজ্ঞতার কারণেই ব্রাজিল তাকে ভবিষ্যতের প্রকল্পের কেন্দ্রবিন্দুতে রাখতে চায়।
সিবিএফ সহ-সভাপতি গুস্তাভো দিয়াস বলেছেন, 'আনচেলত্তির অর্জন ও ক্যারিয়ারই সব বলে দেয়। এর বাইরে মানুষ হিসেবেও তিনি অসাধারণ। আমরা অত্যন্ত সন্তুষ্ট।'
আর সিবিএফ সভাপতি সামির জাউদ জানিয়েছেন, এই চুক্তি নবায়ন বিশ্ব ফুটবলে ব্রাজিলকে সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখার পরিকল্পনারই অংশ।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের ওপর চাপ অনেক বেড়ে যায়। তারও আগে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি এখনও ব্রাজিলিয়ান সমর্থকদের তাড়িয়ে বেড়ায়।
২০২২ বিশ্বকাপের পর তিতে বিদায় নেওয়ার পর তিনজন ভিন্ন কোচ বদল করেছে ব্রাজিল। এরপরই দায়িত্ব পান আনচেলত্তি। ১৯৬৫ সালে আর্জেন্টাইন কোচ ফিলপো নুনেজের পর তিনিই প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন।
আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে পাঁচটিতে জয়, দুটি ড্র এবং তিনটিতে হার এসেছে। মার্চে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারও ছিল সেই তালিকায়।
আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
তবে এখনও রহস্য রয়ে গেছে নেইমারকে নিয়ে। গুরুতর হাঁটুর চোটের কারণে ২০২৩ সালের পর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি এই তারকা ফরোয়ার্ড। তাকে বিশ্বকাপ দলে রাখা হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
বিশ্বকাপ চলাকালে নিউ জার্সিতে ঘাঁটি গড়বে ব্রাজিল। গ্রুপ ‘সি’তে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।