সমালোচনাকে 'অর্থহীন' বললেন নেইমার, বিশ্বকাপ দলে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ইনজুরি ও কঠিন পুনর্বাসন প্রক্রিয়া পেরিয়ে আবারও ব্রাজিল দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছেন, নিজের ফিটনেস নিয়ে যেসব সমালোচনা হয়েছে, তার অনেকটাই ছিল 'অর্থহীন'। বিশ্বাস করেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য যা যা করার দরকার ছিল, সবই করেছেন তিনি।

২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। গুরুতর হাঁটুর চোট ও অস্ত্রোপচারের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও স্পষ্ট করে দিয়েছেন, পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই কেবল বিশ্বকাপ দলে বিবেচনায় আসবেন এই তারকা ফরোয়ার্ড।

রোববার করিতিবার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের হারের পর সংবাদমাধ্যমকে নেইমার বলেন, 'শারীরিকভাবে আমি দারুণ অনুভব করছি। প্রতিটি ম্যাচের সঙ্গে নিজেকে আরও উন্নত মনে হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা সহজ ছিল না, সত্যিই সহজ ছিল না। কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করেছি, আর সেই সঙ্গে সহ্য করেছি অনেক অর্থহীন কথা।'

সমালোচকদের উদ্দেশে নেইমার বলেন, 'মানুষ যেভাবে আমার শারীরিক অবস্থা বা আমি কী করছি তা নিয়ে কথা বলেছে, সেটা সত্যিই দুঃখজনক। আমি চুপচাপ বাসায় কঠোর পরিশ্রম করেছি, কষ্ট পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে।'

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিশ্বাস, তিনি এখন নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছেন।

'আমি যেখানটায় থাকতে চেয়েছিলাম, সেখানেই পৌঁছেছি। নিজের পারফরম্যান্স ও এখন পর্যন্ত যা করেছি, তাতে আমি সন্তুষ্ট। এখন যা-ই হোক, আনচেলত্তি নিশ্চয়ই এই লড়াইয়ের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কেই বেছে নেবেন,' বলেন নেইমার।

এদিকে করিতিবার বিপক্ষে ম্যাচে এক অদ্ভুত পরিস্থিতিরও মুখোমুখি হন নেইমার। ভুলবশত তাকে বদলি করে ফেলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগমুহূর্তে এমন ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এবারের আসরে মাঠে নামবে ব্রাজিল। ‘গ্রুপ সি’-তে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।