বিশ্বকাপ ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরাচ্ছে ইরান

স্পোর্টস ডেস্ক

ফিফার অনুমোদন মেলায় চলতি বছরের ফুটবল বিশ্বকাপে নিজেদের ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় সরিয়ে নিচ্ছে ইরান। অ্যারিজোনা থেকে এই প্রশিক্ষণ ক্যাম্প সরিয়ে নেওয়ার আবেদন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা মঞ্জুর করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ।

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় মেহেদি তাজ বলেন, ‘আমরা টিজুয়ানা ক্যাম্পে অবস্থান করব। এটি প্রশান্ত মহাসাগরের কাছাকাছি এবং মেক্সিকো-যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী একটি এলাকা।’

ফেডারেশন প্রধান আরও জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাবস্থার কারণে ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ইরান এয়ারের সরাসরি ফ্লাইটে মেক্সিকো পৌঁছাতে পারবে দল।

এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা ইরান ১৫ জুন নিউজিল্যান্ড ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। এরপর ২৬ জুন সিয়াটলে তারা মুখোমুখি হবে মিশরের।

সফর নিয়ে তাজ বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে আমাদের ম্যাচের ভেন্যু থেকে এই ক্যাম্পের দূরত্ব বিমানে মাত্র ৫৫ মিনিটের।’ অ্যারিজোনায় আগে নির্ধারিত ক্যাম্পের চেয়ে টিজুয়ানা ভেন্যুর অনেক বেশি কাছাকাছি বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপের ভ্রমণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইরান। এমনকি ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার অনুরোধও করেছিল তারা।

ইরানি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও খেলোয়াড় ও স্টাফরা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এর আগে প্রাক-বিশ্বকাপ ক্যাম্পের জন্য তুরস্কে অবস্থানকালেই ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করেছিল তারা।

তাজ জানান, ভিসা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ইরানি প্রতিনিধিদের সঙ্গে আচরণের বিষয়েও ফিফার কাছে গ্যারান্টি চাওয়া হয়েছে।

আগামী ১ জুনের মধ্যে ফিফার ডেডলাইন মেনে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ আমির ঘালেনোই। তার আগে ২৯ মে গাম্বিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ইরানের।

আগামী ১১ জুন পর্দা উঠবে মেগা এই টুর্নামেন্টের, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত।