ভারতে বিশ্বকাপ সম্প্রচার করবে জি এন্টারটেইনমেন্ট

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। এমন সময়ে এসে ভারতের মতো বিশাল বাজারে সম্প্রচারস্বত্ব নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাল ফিফা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য ভারতের গণমাধ্যম প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে এর আগে জানা গিয়েছিল, ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের জন্য শুরুতে প্রায় ১০ কোটি ডলার দাবি করেছিল ফিফা। পরে সেই মূল্য কমিয়ে ৬ কোটি ডলারে নামিয়ে আনা হয়।

এই চুক্তির মাধ্যমে ভারতের ক্রীড়া সম্প্রচার বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ পেল জি এন্টারটেইনমেন্ট। বর্তমানে এই বাজারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে জিওস্টার, যাদের হাতে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় প্রতিযোগিতার সম্প্রচারস্বত্ব।

উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের মাত্র ১০ দিন আগে এই চুক্তি চূড়ান্ত হয়েছে। ঘোষণার পরই বিনিয়োগকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, শেয়ারবাজারে জি এন্টারটেইনমেন্টের শেয়ারের মূল্য প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এর আগে মুকেশ আম্বানির মালিকানাধীন জিওস্টার বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ২ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিফা। ২০২২ কাতার বিশ্বকাপ সম্প্রচার করেছিল ভায়াকম১৮, যা বর্তমানে জিওস্টারের অংশ। সেই আসরের সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ৬ কোটি ডলার ব্যয় করা হয়েছিল।

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ফিফার সামনে এবার বড় চ্যালেঞ্জ ছিল সময়ের পার্থক্য। কাতার বিশ্বকাপ ভারতীয় দর্শকদের জন্য তুলনামূলক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য অধিকাংশ ম্যাচই ভারতে গভীর রাতে সম্প্রচার হবে। ফলে সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কিছুটা কমে যায় এবং ফিফার জন্য স্বত্ব বিক্রি করাও কঠিন হয়ে পড়ে।

তবে শেষ পর্যন্ত সমাধান মিলেছে। ফিফা ও জি এন্টারটেইনমেন্টের যৌথ বিবৃতি অনুযায়ী, এই চুক্তির আওতায় আগামী আট বছরে ২০৩৪ সাল পর্যন্ত মোট ৩৯টি ফিফা টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে ২০২৭ নারী বিশ্বকাপও রয়েছে।