‘সুয়ারেজের ক্ষমা চাওয়ার কিছু নেই’, বিয়েলসার স্পষ্ট বার্তা

স্পোর্টস ডেস্ক

লুইস সুয়ারেজকে বিশ্বকাপ দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্কে জড়াতে চান না মার্সেলো বিয়েলসা। উরুগুয়ের কোচ স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় দলে ফেরার আগ্রহ দেখানো সুয়ারেজের কাছে তার কোনো ক্ষোভ নেই, আর সুয়ারেজেরও তার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই।

রোববার ঘোষিত উরুগুয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি স্ট্রাইকারের। যদিও ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর সম্প্রতি সুয়ারেজ জানিয়েছিলেন, ডাক পেলে তিনি আবারও জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত।

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে শেষ সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, সুয়ারেজের অনুপস্থিতির কারণ কেবলই তার কৌশলগত সিদ্ধান্ত। আক্রমণভাগে তিনি অন্য বিকল্পদের ওপর আস্থা রেখেছেন, যার মধ্যে আছেন সাবেক লিভারপুল তারকা দারউইন নুনিয়েসও।

বিয়েলসা বলেন, 'সুয়ারেজ বলেছিল, জাতীয় দলে ফিরে এসে সে অবদান রাখতে প্রস্তুত। আমি সবসময় এটিকে আন্তরিক ও মূল্যবান একটি বক্তব্য হিসেবে দেখেছি। সত্যি বলতে, সুয়ারেসের সঙ্গে আমার কোনো মতবিরোধ নেই।'

সাংবাদিকদের পক্ষ থেকে দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে আর্জেন্টাইন কোচ আরও পরিষ্কার করে বলেন, 'লুইস সুয়ারেজের আমার কাছে কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।'

তিনি জানান, বিশ্বকাপ দল নির্বাচনের ক্ষেত্রে তার সিদ্ধান্ত পুরোপুরি দলের সাফল্যের সম্ভাবনাকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে।

বিয়েলসা বলেন, 'আমি যেটিকে দলের জন্য সবচেয়ে ভালো মনে করেছি, সেই বিবেচনাতেই খেলোয়াড় নির্বাচন করেছি।'

তবে বিয়েলসা ও সুয়ারেজের সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কিছুদিন পরই সুয়ারেজ প্রকাশ্যে বিয়েলসার সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকার সময় কোচ খেলোয়াড়দের সঙ্গে ভালো আচরণ করেননি।

সেই সময়কার উত্তেজনার মধ্যেই মাঠেও কঠিন সময় পার করে উরুগুয়ে। বিশেষ করে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর বিয়েলসার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল।

তবে সব সমালোচনা পেরিয়ে দায়িত্বে টিকে গেছেন অভিজ্ঞ এই কোচ। এবারই তৃতীয়বারের মতো বিশ্বকাপে দল পরিচালনা করবেন তিনি। এর আগে ২০০২ সালে আর্জেন্টিনা এবং ২০১০ সালে চিলির দায়িত্বে ছিলেন বিয়েলসা।

আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্পেন এবং প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া কেপ ভার্দে।

উরুগুয়ের বিশ্বকাপ দল

গোলরক্ষক:
সের্হিও রোশেত, ফার্নান্দো মুসলেরা, সান্তিয়াগো মেলে।

রক্ষণভাগ:
গিয়ের্মো ভারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস, মাতিয়াস অলিভেরা, হোয়াকিন পিকেরেস, মাতিয়াস ভিনিয়া।

মিডফিল্ডার:
মানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্তানকুর, আগুস্তিন কানোব্বিও, হুয়ান মানুয়েল সানাব্রিয়া, জর্জিয়ান দে আরাসকায়েতা, নিকোলাস দে লা ক্রুস, রদ্রিগো সালাসার, ফাকুন্দো পেল্লিস্ত্রি, ব্রায়ান রদ্রিগেজ, মাক্সিমিলিয়ানো আরাউহো।

আক্রমণভাগ:
রদ্রিগো আগিরে, ফেদেরিকো ভিনিয়াস, দারউইন নুনিয়েস।