সেমেনিও-পার্টিকে নিয়ে ঘানার বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে অবশেষে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ঘানা। কোচ কার্লোস কুইরোজ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দিয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আন্তোয়ান সেমেনিও এবং অভিজ্ঞ মিডফিল্ডার থমাস পার্টিকে।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ঘানা। এরপর উত্তর আমেরিকার উদ্দেশে যাত্রা করবে ব্ল্যাক স্টারসরা। এটি হবে ঘানার পঞ্চম বিশ্বকাপ অংশগ্রহণ। তবে এবার তাদের অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ‘এল’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।

দলের অন্যতম আলোচিত নাম থমাস পার্টি। বর্তমানে ভিয়ারিয়ালের হয়ে খেলা ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার পরবর্তী সময়ে যুক্তরাজ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগসংক্রান্ত মামলার বিচারের মুখোমুখি হবেন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

অভিজ্ঞ ফরোয়ার্ড জর্ডান আয়েউকে অধিনায়ক করা হয়েছে। তবে ইনজুরির কারণে দলে নেই টটেনহ্যামের উইঙ্গার মোহাম্মদ কুদুস, যা ঘানার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে জানুয়ারিতে বোর্নমাউথ ছেড়ে প্রায় ৬ কোটি ২৫ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আন্তোয়ান সেমেনিও দুর্দান্ত ফর্মে আছেন। নতুন ক্লাবের হয়ে ২৭ ম্যাচে ১১ গোল করে তিনি কুইরোজের আস্থার প্রতিদান দিয়েছেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠবে বিশ্বকাপের। আর ছয় দিন পর পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ঘানা।

ঘানার বিশ্বকাপ দল

গোলরক্ষক:
বেনজামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনাং।

রক্ষণভাগ:
বাবা আবদুল রহমান, গিদেওন মেনসাহ, মারভিন সেনায়া, আলিদু সেইদু, আবদুল মুমিন, জেরোম অপোকু, জোনাস আদজেতে, কোজো অপং পেপরাহ, ডেরিক লুকাসেন।

মিডফিল্ডার:
এলিশা ওউসু, থমাস পার্টি, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকে, কালেব ইয়েরেঙ্কি, আবদুল ফাতাউ, কামালদীন সুলেমানা।

ফরোয়ার্ড:
ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, আন্তোয়ান সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসান্তে, প্রিন্স আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আয়েউ।