বিশ্বকাপে ভ্রমণ-নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করবে ইরান
মাঠের লড়াইয়ের বাইরেও বিশ্বকাপে অনেক বিতর্কই চলমান। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত আসরে নিজেদের দলের ওপর ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইরানের ফুটবল ফেডারেশন। এমন পরিস্থিতিতে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর ঘোষণা দিয়েছে তারা।
রোববার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচ খেলবে ইরান। ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে দুই দিন আগেই মেক্সিকোর তিহুয়ানায় থাকা বেস ক্যাম্প থেকে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিল দলটি। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছে ইরান ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের এক মুখপাত্র বলেন, 'টুর্নামেন্টের প্রস্তুতি সূচি অনেক আগেই জমা দেওয়ার পরও ইরান জাতীয় দল আবারও আয়োজকদের আরোপিত বিধিনিষেধের মুখে পড়েছে, যা কোচিং স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে প্রভাব ফেলছে।'
স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য ম্যাচের আগে খেলোয়াড়দের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, শেষ অনুশীলন সম্পন্ন করা এবং প্রস্তুতি চূড়ান্ত করার জন্য দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার অনুমতি চেয়েছিল ইরান। কিন্তু কারিগরি কারণ দেখানোর পরও সেই আবেদন নাকচ করা হয় বলে অভিযোগ তাদের।
ইরানি মুখপাত্রের ভাষায়, 'আমাদের দেওয়া প্রযুক্তিগত ও ক্রীড়া-সংক্রান্ত ব্যাখ্যা সত্ত্বেও অনুরোধটি আবারও প্রত্যাখ্যাত হয়েছে। ফলে আমরা যথাযথ প্রক্রিয়ায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাব।'
এটাই প্রথম নয়। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পরও একই ধরনের অসন্তোষ প্রকাশ করেছিল ইরান। সেই ম্যাচটি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার পর ম্যাচ শেষের রাতেই দলটিকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছিল বলে অভিযোগ করে তারা।
তবে ইরানের অভিযোগের জবাবও দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগেই ইরানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ম্যাচের দিন রাতেই দেশ ছাড়তে হবে।
জুলিয়ানি বলেন, 'দলটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে আসতে পারবে। ম্যাচ শেষ হওয়ার পর সেদিন রাতেই তাদের চলে যেতে হবে। লস অ্যাঞ্জেলেসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।'
তিনি আরও জানান, ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপের আগে থেকেই জটিল পরিস্থিতির মধ্যে ছিল ইরান। টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসন থেকে নিজেদের বেস ক্যাম্প সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় নিয়ে যায় দলটি। এছাড়া দলটির প্রায় ১৫ জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলেও দাবি করেছে ইরান।