এবারের বিশ্বকাপে যেন লাল কার্ডের ছড়াছড়ি!
প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে তুরস্কের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল একটি লাল কার্ড। প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে মুখ ঢেকে কথা বলায় ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ে অধিনায়ক মিগুয়েল আলমিরন। এটি তো কেবল একটি ম্যাচের চিত্র। এবারের পুরো টুর্নামেন্টেই যেন রেফারিরা লাল কার্ডের সমারোহ মেলে ধরেছেন!
জাপান-তিউনিসিয়া ম্যাচ পর্যন্ত এরই মধ্যে রেফারিরা ৭ বার সরাসরি লাল কার্ড দেখিয়েছেন। অথচ ২০১৮ এর রাশিয়া বিশ্বকাপ ও ২০২২ এর কাতার বিশ্বকাপ মিলিয়ে মাত্র ৩টি সরাসরি লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছিল। আর সব ধরণের লাল কার্ড হিসাব করলেও গত দুই আসর মিলিয়ে মোট ৮ বার লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছিল। এবার সেখানে গ্রুপ পর্ব অর্ধেক শেষ হওয়ার আগেই ৭ লাল কার্ড!
এখন পর্যন্ত সর্বোচ্চ দুইটি করে লাল কার্ড দেখেছেন কাতার ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা। একবার করে দেখেছেন মেক্সিকো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং প্যারাগুয়ের ফুটবলার। এর মধ্যে উদ্বোধনী ম্যাচেই রেফারি ৩ বার লাল কার্ড দেখাতে বাধ্য হয়েছেন। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার কোনো আসরের উদ্বোধনী ম্যাচে ৩ জন ফুটবলার লাল কার্ড দেখেছেন।
এখন পর্যন্ত এক বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডের নজির ২০০৬ জার্মানি বিশ্বকাপে। সেবার মোট ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল, যার মধ্যে ৯টি ছিল সরাসরি লাল কার্ড। ২০১০ এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও সরাসরি ৯ বার লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছিল।
লাল কার্ড দেখানো নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি কার্ড না দেখানো নিয়েও এর মধ্যে প্রচুর বিতর্ক হয়েছে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটের মাথায় করা ফাউলের জন্য লিওনেল মেসির সরাসরি লাল কার্ড দেখা উচিত ছিল কি না, তা নিয়ে বিভক্ত ফুটবল অঙ্গন। একই রকম অপরাধের পরেও সাধারণ ফুটবলারদের চেয়ে তারকা ফুটবলাররা বেশি ছাড় পাচ্ছেন কি না, এমন প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ হুগো ব্রুস।
চেকিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রুস সাংবাদিকদের বলেছিলেন, ‘থেম্বা জোয়ানের লাল কার্ডটা (মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে) বাড়াবাড়ি ছিল। বিশেষ করে মেসির করা ফাউলটা দেখার পর আমি আরও বিশ্বাস করতে চাই না যে জোয়ানের ফাউলটা লাল কার্ড দেখানোর মতো ছিল। আমার খেলোয়াড়ের ফাউল রিভিউ করা হচ্ছে, কিন্তু মেসিরটা সেটাও করা হয়নি’।
শতাধিক ম্যাচের এই বিশ্বকাপে এখনো এক-তৃতীয়াংশ ম্যাচও হয়নি, এর মধ্যেই লাল কার্ড নিয়ে এত বিতর্ক আর আলোচনা। ফাইনাল ম্যাচ আসতে আসতে লাল কার্ডের সংখ্যা জার্মানি বিশ্বকাপকেও ছাড়িয়ে যায় কি না, সেটিই বোধহয় এখন আগ্রহের জায়গা!