ফিফা বিশ্বকাপ ২০২৬

সালাহর সাথে দ্বন্দ্বের গুঞ্জন, কোচ বললেন ‘সবই গুজব’

স্পোর্টস ডেস্ক

মিশরের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহর সাথে কোচ হোসাম হাসানের বনিবনা হচ্ছে না, এমন কানাঘুষো শোনা গেছে প্রথম ম্যাচের পরে। তবে এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কোন হোসাম। সালাহর প্রশংসা করে তিনি বলেছেন, তাদের মধ্যে কোনো সমস্যা নেই। 

ভ্যাঙ্কুভারে গ্রুপ ‘জি’ তে নিউজিল্যান্ডের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ হোসামকে এ বিষয়ে কথা বলতে হয়েছে। গুঞ্জনের সূত্রপাত বেলজিয়ামের সাথে প্রথম ম্যাচে সালাহকে উঠিয়ে তরুণ হামজা আবদেলকারিমকে নামানোকে কেন্দ্র করে। 

তবে হোসাম বলেছেন, খেলোয়াড় বদলি করা একটি স্বাভাবিক বিষয়, এবং সালাহও এটি স্বাভাবিকভাবেই নিয়েছেন, ‘সালাহ একজন দারুণ ফুটবলার। সে তার সতীর্থদের সহায়তা করে। সে শৃঙ্খলা মেনে চলে এবং দলের বাকিদের কাছে এজন্য সে রোল মডেল। ম্যাচে তাকে বদল করতে হলে এটা কোনো সমস্যা নয়। সবাই জানে আমি জাতীয় দলের ভালোর জন্যই কাজ করছি’। 

দলের মধ্যে সব ঠিকঠাক আছে দাবি করে হোসাম বলেছেন, ‘আমার সাথে কাজ করেছে এমন প্রতিটা ফুটবলার জানে, আমি তাদের সাথে পেশাদারভাবে কাজ করি। দলে আমার কোনো ব্যক্তিগত পছন্দের ফুটবলার নেই। সালাহ যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি বাকি ২৫ জনও আমাদের কাছে গুরুত্বপূর্ণ’। 

সালাহর মতো তারকাদের জন্য এসব গুজব নতুন কিছু নয় বলেও মনে করছেন হোসাম, ‘তারকা খেলোয়াড় ও তাদের দল নিয়ে এরকম গুজব ছড়িয়েই থাকে। সালাহ এমন একজন ফুটবলার যে নিয়মের ভেতর থাকতে পছন্দ করে। পরবর্তী ম্যাচে নিশ্চয়ই আমরা ইতিবাচক সালাহকে পাব’। 

৩৪ বছর বয়সী সালাহ বিশ্বকাপ বাছাইপর্বে মিশরের হয়ে নয় গোল করেছেন। বেলজিয়ামের বিপক্ষে গোল না পেলেও একমাত্র গোলটিতে অ্যাসিস্ট ছিল তারই।