ফিফা বিশ্বকাপ ২০২৬

‘আমাকে অসম্মান করবেন না’: পর্তুগিজ রেফারির উদ্দেশ্যে মেসি

স্পোর্টস ডেস্ক

সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। প্রথমার্ধের শেষ দিকে সুইজারল্যান্ডের একটি ফ্রি-কিকের আগে এই দৃশ্য দেখা যায়। কিন্তু রেফারিকে কী বলেছিলেন মেসি? 

ফ্রি-কিক ঠেকাতে সৃষ্ট মানব-দেয়ালে দাঁড়িয়েছিলেন মেসিও। পিনহেইরো তখন মেসিকে নির্দিষ্ট দূরত্ব পিছিয়ে দাঁড়াতে বলেন। কিন্তু রেফারির বলার ধরণ পছন্দ হয়নি মেসির।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন আর্জেন্টিনার প্রতিবেদন অনুযায়ী, মেসি তখন রেফারিকে বলেন, ‘আমার সাথে সঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সাথে সম্মান দেখিয়ে কথা বলেছি’। 

দল জিতলেও এদিন ঠিক চেনা ছন্দে ছিলেন না মেসি। প্রথম গোলে অ্যাসিস্ট করলেও নিজে কোনো গোল পাননি আজ। এতে করে বিশ্বকাপে টানা নয় ম্যাচে গোল করার রেকর্ড আর বর্ধিত হয়নি।

মেসির সাথে বাদানুবাদ ছাড়াও ম্যাচে আরেকটি বড় ঘটনার সাথে জড়িয়েছে পিনহেইরোর নাম। ডাইভ দেয়ার কারণে ভিএআরের সহায়তায় সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়েছেন এই পর্তুগিজ রেফারি, যে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুইজারল্যান্ডের কোচ ও খেলোয়াড়েরা। 

৩৮ বছর বয়সী এই রেফারি ২০১৬ সালে পেশাদার রেফারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। বিশ্বকাপে এবারই প্রথমবার দায়িত্ব পালন করলেও বড় মঞ্চে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তার আছে। ২০২২-২৩ মৌসুমে রেফারি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষিক্ত হওয়ার পর থেকে বেশ কিছু বড় ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও উয়েফা সুপার কাপের ফাইনালও পরিচালনা করেছেন পিনহেইরো।