পিকফোর্ডের পানির বোতলে নিজেদের পেনাল্টির তথ্য দেখে মেসি, এনজোদের হাসি
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপ ফাইনালের টিকিট কেটে দীর্ঘসময় মাঠেই ছিলো আর্জেন্টিনা। উদযাপনের এক পর্যায়ে তাদের চোখে পড়ে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল। সেখানে নিজেদের নাম আর তথ্য খুঁটিয়ে দেখে বেশ মজা পেলেন লিওনেল মেসিরা।
ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড পেনাল্টি ঠেকানোর সব গোপন ফর্মুলা লিখে এনেছিলেন তার পানির বোতলে। যদি ম্যাচ টাইব্রেকারে যেত তাহলে এই তথ্যগুলো মাঠে প্রয়োগ করতেন তিনি। কার কী শুটিং প্যাটার্ন, কে কোন কোণ দিয়ে বল জালে জড়ায়—সব সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে নোট করা ছিল। কিন্তু কপাল খারাপ পিকফোর্ডের! টাইব্রেকার পর্যন্ত ম্যাচটাই গেল না। এনজো ফার্নান্দেজ আর লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের ভেলকিতে নির্ধারিত সময়েই ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।
Argentina player's reaction after they found how their penalty would have being saved on pickford's water bottlepic.twitter.com/MRJzuJaSUo
— Henry jnr (@HenryjnrFCB) July 16, 2026
পিকফোর্ডের সেই 'মহা মূল্যবান' বোতলটি মাঠেই পড়ে ছিল। আর্জেন্টিনার এক কোচিং স্টাফ বোতলটি কুড়িয়ে এনে সোজা ক্যাপ্টেন লিওনেল মেসির হাতে তুলে দেন। মেসিও বেশ কৌতূহল নিয়ে সেই বোতলের বোম ফাটানো তথ্যগুলো পরীক্ষা করতে শুরু করেন।
এরপর বোতলটি যখন আর্জেন্টিনার স্কোয়াডের বাকিদের হাতে ঘুরতে ঘুরতে গেল, তখন শুরু হলো আসল হাসির রোল। মাঝমাঠের তারকা এনজো ফার্নান্দেজ তো নিজের নাম আর তার পেনাল্টি মারার অভ্যাসের নিখুঁত নোট দেখে হেসেই খুন! পিকফোর্ড এত কষ্ট করে হোমওয়ার্ক করলেন, অথচ সেটা কাজে লাগানো তো দূরের কথা, উল্টো প্রতিপক্ষের ড্রেসিংরুমের বিনোদনের খোরাক হয়ে গেল।
পিকফোর্ডের এই বোতল-কৌশল আগের ম্যাচগুলোতে দারুণ কাজে দিলেও এবার আর ভাগ্য তার সঙ্গে ছিল না। টাইব্রেকারের জন্য করা এত নিখুঁত প্রস্তুতি ম্যাচ শেষের পর স্রেফ আর্জেন্টিনার আনন্দের উপকরণ হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে লাগল!