কামিন্সের পর হ্যাজলউডকেও বিশ্বকাপে পাবে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

হ্যামস্ট্রিং ও একিলিসের চোট থেকে সেরে উঠতে না পারায় গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার জশ হ্যাজলউড। আসর শুরুর ঠিক আগমুহূর্তে এটি অস্ট্রেলিয়া দলের জন্য আরেকটি বড় ধাক্কা। চোটের কারণে আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে আরেক অভিজ্ঞ পেসার প্যাট কামিন্সের।

৩৫ বছর বয়সী হ্যাজলউড চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজে অনুপস্থিত ছিলেন। গত নভেম্বরের পর থেকে কোনো পর্যায়ের ক্রিকেট খেলেননি তিনি।

শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন হ্যাজলউড। সেই চোট তাকে গোটা অ্যাশেজ থেকেই ছিটকে দেয়। এরপর পুনবার্সনের প্রক্রিয়া চলাকালে নতুন করে তিনি চোট পান একিলিসে।

চলতি সপ্তাহের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল, টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না হ্যাজলউড। তাই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে শন অ্যাবটকে দলে ডাকা হয়েছে। কিন্তু শুক্রবার সিএ নিশ্চিত করেছে যে, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ফিট হতে পর্যাপ্ত 'সময় নেই' হ্যাজলউডের হাতে।

হ্যাজলউডের শারীরিক পরিস্থিতি নিয়ে নির্বাচক টনি ডোডেমাইড বলেন, 'আমরা আশাবাদী ছিলাম যে, জশ সুপার এইট পর্ব শুরুর আগে ম্যাচ ফিটনেস ফিরে পাবে। কিন্তু সবশেষ লক্ষণ অনুযায়ী বোঝা যাচ্ছে, পুরোপুরি সুস্থ হতে তার আরও সময় লাগবে। এই মুহূর্তে তার সুস্থতার প্রক্রিয়া ত্বরান্বিত করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।'

বিশ্বকাপের স্কোয়াডে হ্যাজলউডের বদলি খেলোয়াড় নেওয়ার প্রসঙ্গে ডোডেমাইড যোগ করেন, এখনই স্কোয়াডে ঢুকছেন না অ্যাবট, 'আমরা এখনই বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করছি না। আমাদের মনে হয়েছে, শুরুর ম্যাচগুলোর জন্য পর্যাপ্ত ব্যাক-আপ আমাদের আছে। তাই পরিস্থিতির প্রয়োজনীয়তা বুঝে আমরা পরে সিদ্ধান্ত নেব।'

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ও দলের অবস্থা বেশ ছন্নছাড়া। পাকিস্তানের কাছে প্রস্তুতিমূলক সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গত পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে কোনো জয়ের মুখ দেখেনি তারা।

এর আগেই পিঠের নিচের অংশের চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আরেক ফাস্ট বোলার ও অজিদের টেস্ট অধিনায়ক কামিন্স। তার বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন বেন ডোয়ার্শিস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার 'বি' গ্রুপের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা নিজেদের অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষরা হলো সহ-আয়োজক শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবুয়ে।