ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ায় আইসিসির ১৭ কোটি ডলার সাশ্রয়: প্রতিবেদন
ভারতের সঙ্গে পাকিস্তানের বহু প্রতীক্ষিত ম্যাচটি আয়োজনের পথ প্রশস্ত হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেল আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির প্রায় ১৭ কোটি ৪০ লাখ ডলারের সম্ভাব্য লোকসান এড়ানো সম্ভব হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৯ হাজার ১৪০ কোটি টাকা।
প্রতিবেদনে জানানো হয়, ম্যাচটি বাতিল হলে সম্প্রচার স্বত্ব, টিকিটের আয় এবং স্পন্সরশিপ থেকে এই বিশাল অঙ্কের ক্ষতি হতে পারত। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ম্যাচ বয়কট করা হলে আর্থিক ক্ষতির মোট পরিমাণ দাঁড়াত প্রায় ১৭ কোটি ৪০ লাখ ডলার।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ মুখোমুখি হবে। এর আগে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে জটিলতায় টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হলে, পাকিস্তানের পক্ষ থেকেও ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল। তবে আইসিসি, পিসিবি এবং বিসিবি কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর পাকিস্তান সরকার তাদের দলকে মাঠে নামার সবুজ সংকেত দেয়।
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত হওয়ার খবরে মুম্বাই-কলম্বো-মুম্বাই রুটে বিমান ভাড়া এবং ভ্রমণের চাহিদা বহুগুণ বেড়ে গেছে বলে জানা গেছে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানানো হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আইসিসির সঙ্গে আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ব্রিফ করেন। এরপরই প্রধানমন্ত্রী ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ এই ম্যাচে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় দলকে নির্দেশ দেন।