‘চাপ পাকিস্তানের ওপরই’, হুঙ্কার যুক্তরাষ্ট্রের অলরাউন্ডারের

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজে আছে যুক্তরাষ্ট্র। দলটির অলরাউন্ডার মোহাম্মদ মহসিন মনে করেন, মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে হতে যাওয়া এই লড়াইয়ে সবটুকু মানসিক চাপ থাকবে পাকিস্তানের ওপর।

গত রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে যুক্তরাষ্ট্র। তবে সেই হার নিয়ে পড়ে থাকতে চান না পেশোয়ারে জন্ম নেওয়া মহসিন। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে হারটা আমাদের জন্য কষ্টের ছিল, বিশেষ করে প্রথম ১৫ ওভারের নিয়ন্ত্রণ বিবেচনায় নিলে। তবে আমরা সেই ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবছি। গত বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে আমাদের জয়ের স্মৃতিও মাথায় আছে। সত্যি বলতে, আমার মনে হয় চাপ সব তাদের ওপরই থাকবে।’

টুর্নামেন্টে খাতা-কলমে পিছিয়ে থাকলেও নির্ভার হয়ে খেলতে চায় যুক্তরাষ্ট্র। মহসিন যোগ করেন, ‘এই বিশ্বকাপে আমাদের হারানোর কিছু নেই। আমরা শুধু প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। শুরুটা বেশ রোমাঞ্চকর হয়েছে, আশা করি আগামীকালের জয় পরিস্থিতি আরও আনন্দদায়ক করে তুলবে।’

এদিকে চোটের কারণে পেসার জাসদীপ সিং দল থেকে ছিটকে যাওয়ায় পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার এহসান আদিলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাঁধে চোট পান জাসদীপ। আইসিসির টেকনিক্যাল কমিটি আদিলের অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত দিয়েছে। পাকিস্তানের হয়ে তিনটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলা আদিলের এখনও যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হয়নি।

পরিসংখ্যান বলছে, কুড়ি ওভারের ক্রিকেটে দুই দল এ পর্যন্ত মোটে একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। ২০২৪ সালের বিশ্বকাপে ডালাসের সেই ম্যাচে নির্ধারিত সময়ে দুদলই ১৫৯ রান সংগ্রহ করলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে বড় এক অঘটনের জন্ম দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এক নজরে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জেসি সিং, আন্দ্রিস গাউস, শেহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নশতুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শ্যালকউইক, সৌরভ নেত্রাভালকার, আলী খান, মোহাম্মদ মহসিন, শুভম রঞ্জনে ও এহসান আদিল।