ডি লিডির ফিফটিতে নামিবিয়াকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া নেদারল্যান্ডস নামিবিয়ার বিপক্ষে দেখালো দাপট। আঁটসাঁটো বোলিংয়ে প্রতিপক্ষকে আটকে রাখার পর বাস ডি লিডির ফিফটিতে অনায়াসে জিতেছে তারা। 

দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপের ম্যাচ নেদারল্যান্ডস জিতেছে ৭ উইকেটে। নামিবিয়ার ১৫৬ রানের পুঁজি ১২ বল আগেই পেরিয়ে যায় তারা। ৪৮ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ডি লিডি। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৯ বলে করেন অপরাজিত ১৮ রান।

১৫৭ রানের লক্ষ্যে ম্যাক্স ও'ডাউড ফিরে গিয়েছিলেন শুরুতেই। তবে মাইকেল লেভিটের সঙ্গে মিলে পাওয়ার প্লে কাটান ডি লিডি। লেভিট ১৫  বলে ২৮ করে বিদায় নেওয়ার পর কলিন আকারম্যানকে নিয়ে ডাচদের এগিয়ে নিতে থাকেন ডি লিডি। 

দুজনের ৭০ রানের জুটি ভাঙে আকারম্যানের বিদায়ে। পরে স্কট এডওয়ার্ডসকে নিয়ে দ্রুত কাজ সারেন ডি লিডি। ৪৮ বলের ইনিংসে ৭২ করতে ৪ ছক্কা, ৫ চার মেরেছেন তিনি। 

এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে আরিয়ান দত্ত, লোগান ভ্যান বিকদের তোপে পড়া নামিবিয়া। ইয়ান ফ্রাইলিঙ্ক, লফটি ইটনরা থিতু হলেও বড় করতে পারেননি ইনিংস। দেড়শো পেরিয়ে থেমে যায় নামিবিয়া। যে পুঁজি জেতার জন্য হয়নি যথেষ্ট।