সাইফার্ট-অ্যালেনের দানবীয় ব্যাটিংয়ে হলো যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক

চেন্নাইয়ের মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিল নিউজিল্যান্ড। দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্টের দানবীয় ব্যাটিংয়ে ১০ উইকেটের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের 'ডি' গ্রুপে নিজেদের শক্তিমত্তা জানান দিল ব্ল্যাকক্যাপসরা। ১৭৪ রানের লক্ষ্য ২৮ বল বাকি থাকতেই টপকে গিয়ে একগাদা নতুন রেকর্ড গড়ল এই ওপেনিং জুটি।

সাইফার্ট অপরাজিত ৮৯ রান করেন ৪২ বল মোকাবিলায়। তার ব্যাট থেকে আসে ১২টি চার ও তিনটি ছক্কা। অ্যালেন খেলেন ৮৪ রানের অপরাজিত ইনিংস। তিনি ৫০ বল খেলে মারেন সমান পাঁচটি করে চার ও ছক্কা।

* ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইতিহাস নতুন করে লিখেছেন সাইফার্ট ও অ্যালেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির মালিক এখন তারা। ২০২২ সালের আসরে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলসের অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটির রেকর্ডটি ভেঙে দিয়েছেন তারা।

* আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। এর আগে ২০২০ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৪ রান যোগ করেছিলেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস।

* বিশ্বকাপে ১০ উইকেটে জয়ের বিরল তালিকায় নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টের ইতিহাসে সব মিলিয়ে সপ্তম ঘটনা এটি। এর আগে তালিকাটিতে ছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওমান, পাকিস্তান ও ইংল্যান্ড (দুবার)।

* টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে ১৫০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল হাতে রেখে তৃতীয় সর্বোচ্চ জয়ের কীর্তি এটি। ২০২৪ সালের আসরে ওমানের বিপক্ষে ৪১ বল হাতে রেখে স্কটল্যান্ড এবং ২০১৪ সালের আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডস ৩৭ বল হাতে রেখে জিতেছিল।

* কোনো উইকেট না হারিয়ে ১৫০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করে জেতার তালিকায় এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সব মিলিয়ে ষষ্ঠ ঘটনা। সবার উপরে থাকা পাকিস্তান ২০২২ সালে করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে ২০০ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল।