‘এ’ গ্রুপ: ভারতের লক্ষ্য শিরোপা ধরে রাখা, পাকিস্তানের মিশন ঘুরে দাঁড়ানো
আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসরের। চার গ্রুপে ২০ দলের আসরের প্রথম পর্ব পেরিয়ে সেরা আট দল উঠবে সুপার এইটে। 'গ্রুপ এ'-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়বে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। শিরোপা ধরে রাখার নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে ভারত, অন্যদিকে গত আসরের ব্যর্থতা ঘুচিয়ে ছন্দে ফিরতে মরিয়া পাকিস্তান।
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারত
টি-টোয়েন্টি ও ওয়ানডে—উভয় ফরম্যাটেই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত এবারও আসরের ফেভারিট। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতীয় ব্যাটিংয়ের নতুন মুখ অভিষেক শর্মা। মাত্র ৩৭ ম্যাচে প্রায় ১৯৫ স্ট্রাইক রেটে ১২৬৭ রান করে তিনি প্রতিপক্ষ বোলারদের জন্য ত্রাস হয়ে উঠেছেন।
বোলিংয়ে অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহর সঙ্গে থাকছেন 'মিস্ট্রি স্পিনার' বরুণ চক্রবর্তী। তবে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল জায়গা পাননি এবারের স্কোয়াডে। ফলে ওপেনিংয়ে অভিষেকের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন সঞ্জু স্যামসন ও ঈশান কিশান। সহ-আয়োজক হিসেবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলাই মূল সূর্যকুমার যাদবদের।
ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান
২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। সেই ধাক্কা সামলে উঠতে এবার সালমান আলী আঘার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে পিসিবি। এশিয়া কাপে বাদ পড়ার পর দলে ফিরেছেন বাবর আজম। কোচ মাইক হেসনের অধীনে পাকিস্তান এবার অনেক বেশি সুসংগঠিত। তরুণ পেসার নাসিম শাহর ধারালো বোলিংয়ের ওপর অনেকখানি নির্ভর করবে পাকিস্তানের ভাগ্য।
চমক দেখাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস
গত বিশ্বকাপের 'জায়ান্ট কিলার' যুক্তরাষ্ট্র এবারও মোনাঙ্ক প্যাটেলের নেতৃত্বে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তাদের ব্যাটিংয়ের বড় ভরসা বিশ্বের ২৫ নম্বর ব্যাটার সাইতেজা মুক্কামাল্লা। অন্যদিকে, অভিজ্ঞ রোলফ ফন ডার মারউয়ে ও বাস ডি লিডদের নিয়ে গড়া নেদারল্যান্ডস যেকোনো অঘটন ঘটাতে মুখিয়ে আছে।
লড়াইয়ে পিছিয়ে নেই নামিবিয়াও
টানা চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার ডাগআউটে এবার কোচ হিসেবে থাকছেন কিংবদন্তি ক্রেইগ উইলিয়ামস। গত আসরের সুপার ওভারের নায়ক রুবেন ট্রাম্পেলম্যান থাকছেন তাদের বোলিং আক্রমণের নেতৃত্বে। আফ্রিকান এই দেশটি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার আগে এই টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিতে চায়।