টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের ২ আম্পায়ার
বাংলাদেশ ক্রিকেট দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে না। তবে আসন্ন টুর্নামেন্টে থাকছেন দুই বাংলাদেশি আম্পায়ার। তারা হলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারত সফরে অস্বীকৃতি জানানোয় আইসিসি তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। তবে আম্পায়ারদের মাঠে থাকার বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচিত হচ্ছিল। অবশেষে শুক্রবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি ম্যাচ অফিসিয়ালদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, সেখানে আছেন বাংলাদেশের দুজন।
আইসিসির এলিট প্যানেলে একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা এর আগেও বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। এখন পর্যন্ত ৩২টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ৫৪টি টি-টোয়েন্টিতে।
আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার সোহেলের জন্য অবশ্য এটি নতুন একটি মাইলফলক। এবারই প্রথম ছেলেদের ক্রিকেটের বিশ্বমঞ্চে ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন তিনি। এখন পর্যন্ত চারটি টেস্ট, ২১টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তিনি অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ৪০টি টি-টোয়েন্টিতে।
সূচি অনুযায়ী, যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচটি পরিচালনা করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও নিউজিল্যান্ডের ওয়েইন নাইটস।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও ধর্মসেনা।
২০টি দল নিয়ে আয়োজিত আসরে গ্রুপ পর্বের জন্য মোট ছয় জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ারের তালিকা চূড়ান্ত করেছে আইসিসি। সুপার এইট ও নকআউট পর্বের ম্যাচগুলো কারা পরিচালনা করবেন, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।