৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

স্টার অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে চার লাখ এক হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট এরইমধ্যে দেশে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে।

এর মধ্যে, পাঁচ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন চার লাখ ৮২ হাজার ৮১৭ জন।

এ ছাড়া, চার লাখ ৪৯ হাজার ছয়জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

এরইমধ্যে প্রবাসীদের পাঠানো ব্যালটগুলোর মধ্যে এক লাখ ২৪ হাজার ৭৪৬টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে সারা দেশের ছয় লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

দেশের অভ্যন্তরে তিন লাখ ২৪ হাজার দুইজন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে দুই লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। দুই লাখ ১৩ হাজার ৬৯৭ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৩০ হাজার ৭০৬টি।