যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১০০ বন্দি

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারে একশ বন্দি।

আজ রোববার যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার আবিদ হাসান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শনিবার কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় বন্দিদের ভোট নেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, ভোট দেওয়ার বিষয়ে আগেই জানানো হয়েছিল বন্দিদের। অনেকে আগ্রহ প্রকাশ করলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় ও অনলাইন নিবন্ধনে জটিলতার কারণে আবেদন করার সুযোগ পাননি।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, মোট ১২৯ জন বন্দি অনলাইনে নিবন্ধন করেন। তবে নির্বাচন কমিশন থেকে ১১১টি পোস্টাল ব্যালট সংবলিত খাম পাঠানো হয়। প্রতিটি খামে ব্যালট পেপার, ভোট দেওয়ার নির্দেশনা ও স্বাক্ষরের ফরম যুক্ত ছিল।

জেল সুপার আবিদ হাসান বলেন, ভোটগ্রহণের আগে বন্দিদের নিজ নিজ নির্বাচনী আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। বন্দিরা নির্ধারিত স্থানে বসে ব্যালট পেপারে ভোট দিয়ে খাম সিলগালা করেন ও কর্তৃপক্ষের কাছে জমা দেন।

তিনি বলেন, মোট একশ জন বন্দি সফলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন। বাকি ১১ জন নানা জটিলতার কারণে ভোট দিতে পারেননি। বন্দিদের এসব ব্যালট পেপার ইতোমধ্যে জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের কারণে কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও নাগরিক অধিকার চর্চার এক নতুন দ্বার উন্মোচন করল। এটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক বড় মাইলফলক।