ভোটকেন্দ্র খালি রেখে জামায়াত নেতার বাড়িতে দাওয়াতে যোগদান, ২ কর্মকর্তা আটক

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

লক্ষীপুরে দুই নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ভোটকেন্দ্রের দায়িত্বে অবহেলা করে স্থানীয় রাজনৈতিক নেতার বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার অভিযোগ এসেছে। 

ইতোমধ্যেই ওই দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।  

তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১২০ নং নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা।

জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট (এডিএম) মেজবাউল হক ভূঁইয়া আজ বৃহস্পতিবার সকালে দ্য ডেইলি স্টারকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক দুই কর্মকর্তা হলেন সহকারী প্রিজাইডিং অফিসার এম এ ওসমানি এবং পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। 

এম এ ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল হোসেন দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছেন। 

তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় তারা কেন্দ্র ছেড়ে স্থানীয় জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান। 

বিষয়টি জানাজানি হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মেজবাউল হক ভূঁইয়া বলেন, ‘একজন পোলিং অফিসার ও একজন সহকারী প্রিজাইডিং অফিসার কেন্দ্র ফাঁকা রেখে এক প্রার্থীর বাড়িতে দাওয়াত খেতে যান। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করেছেন। তাদের পরিবর্তে নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা মত দেন।