১২টা পর্যন্ত ৩২৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
এর আগে ইসি জানিয়েছিল, ভোট শুরু হওয়ার পর প্রতি দুই ঘণ্টা পরপর ভোট টার্নআউটের আপডেট সাংবাদিকদের জানানো হবে। তবে সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর প্রথমবার সাংবাদিকদের এই আপডেট জানানো হয়।
এ নিয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এবার ইনফরমেশনের ডাটা কালেকশনের মেথডটা আমরা চেঞ্জ করেছি। সে কারণে আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে।
তিনি বলেন, আমরা অতীতে দেখেছি, প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে এই ডাটাটা ইমপোর্ট করতে গেলে সমস্যা হতো। মূলত তারাই আসলে ভোটারদের প্রবাহ সামাল দেন। এতে অসুবিধা হতো। সেজন্য আমরা পদ্ধতিগত পরিবর্তন করেছি। আমরা আবারো আরেকটা আপডেট দেব।
ভোটের তথ্য আনার পদ্ধতিতে কী পরিবর্তন আনা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন এটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য আনা হচ্ছে।
নির্বাচনে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা হয়েছে। মূলত কেন্দ্রের বাইরে এগুলো হচ্ছে। তাৎক্ষণিকভাবে ইন্টারসেপ্ট করার কারণে কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ করা হয়নি। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই।
কুমিল্লা-১৪ আসনের একটি কেন্দ্রে নারীদের একজনের ভোট আরেকজনকে দিতে দেখা গেছে। ১০ জন একসঙ্গে ভোট দিচ্ছেন, এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে- এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে জানান, আমি এখনই ব্যবস্থা নেব। এটা যদি হয়ে থাকে নিন্দনীয়।
ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট কি না- জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এর তো জবাব আপনারা (গণমাধ্যম) দেবেন। আমরা তো চাইবই যে টার্নআউট বেশি হোক। আপনারাই বলেন যে এটাতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত কি না বা আপনারা সন্তুষ্ট কি না?
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।
আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।