শ্রীপুরে ভোট দিতে গিয়ে জানলেন দেওয়া হয়ে গেছে, ৩ জন প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনের একটি কেন্দ্রে লাইনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর এক নারী ভোটার গিয়ে দেখেন, তার ভোট দেওয়া হয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যাহার হওয়া তিনজন হলেন—হারেছা খাতুন, মাসুম খান ও সালমা আক্তার। হারেছা খাতুন কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক। 

সালমা আক্তার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং তিনি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। অপর পোলিং এজেন্ট মাসুম খানের কর্মস্থলের তথ্য জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কেন্দ্র সূত্রে জানা গেছে, লাকী বেগম নামে এক নারী ভোটার সকালে ভোট দিতে এসে লাইনে দাঁড়ান। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর তিনি ভোটগ্রহণ কক্ষে গেলে জানতে পারেন, তার ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে। 

পরে বিষয়টি তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানান। অভিযোগের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট তিনজনকে প্রত্যাহার করা হয়।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, একজন ভোটার অভিযোগ করেছিলেন যে তার ভোট আগে থেকেই দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ওই ভোটারের টেন্ডার ভোট গ্রহণ করা হয়েছে।