বন্যার পানিতে খড়কুটোর মতো সব শঙ্কা ভেসে গেছে: ইসি সানাউল্লাহ

স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সব শঙ্কা বন্যার পানিতে খড়কুটোর মতো ভেসে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘দেশবাসীর প্রতি আমাদের (ইসি) কৃতজ্ঞতা, সবাই সন্তুষ্টচিত্তে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করেছেন। এ কারণে বন্যার পানিতে যেমন কোনো খড়কুটো টিকে থাকে না, তেমনি অসৎ, যা কিছু শঙ্কার ছিল, তার সব এই বন্যার পানিতে (জনগণের ভোটের জবাবে) ভেসে গেছে। সবশেষে জাতি হিসেবে আমরা বিজয়ী হয়েছি।’

জাতি হিসেবে আমাদের মান-সম্মান, ভাবমূর্তি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থানসহ এমন কিছু নেই যে এই নির্বাচনের সঙ্গে যুক্ত ছিল না বলেও উল্লেখ করেন ইসি। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাকে তাই শুধু নির্বাচন হিসেবে নিইনি, জনগণের পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছিলাম।’

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘তিনি (আল্লাহ) রহমত করেছেন বিধায় আমরা সুষ্ঠুভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছি। ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন।’

তিনি আরও বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আমাদের ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত।’

বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয়ে ভবিষ্যতে আরও ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করে—সেই প্রত্যাশাও করেন তিনি।