হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আজ সোমবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি ঘটনাকে ‘মব’ হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয়। কিছু ঘটনা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে ঘটে। কাউকে আটক করে নির্যাতন করা হলে সেটি একটি নির্দিষ্ট অপরাধ, যার নিজস্ব আইনি সংজ্ঞা ও কাঠামো আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাস্তায় যদি প্রকৃত কোনো মব পরিস্থিতি তৈরি হয়, তাহলে তা কঠোরভাবে দমন করা হবে। বাংলাদেশে কোনো মব কালচার থাকতে পারে না।

আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক চোরাকারবারিদের তালিকা প্রকাশের কোনো পরিকল্পনা নেই। তালিকা প্রকাশ করা হলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত বা বিভিন্নভাবে বিকৃত হতে পারে। তাই পেশাদারভাবে তালিকা প্রস্তুত করে আইনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার আমাদের গর্ব। এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে সৈকতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যা অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

মন্ত্রী বলেন, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কোনো সশস্ত্র সন্ত্রাসী, চাঁদাবাজ বা অপরাধী আইনের বাইরে থাকতে পারবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।