উৎপাদনে ফিরেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

দেশে চলমান গ্যাস সংকটের কারণে ৩২ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি সার কারখানা।

আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারখানা সূত্র জানায়, সরকারি নির্দেশনায় গত ৪ মার্চ বিকেল থেকে কারখানাটিতে গ্যাস সংযোগ বন্ধ ছিল। টানা ২৭ দিন পর গত ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সংযোগ পুনরায় চালু হলে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। গ্যাস পাওয়ার পর সার উৎপাদনে আসতে পাঁচ থেকে ছয়দিন লাগে।

সূত্র আরও জানায়, কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু ছিল। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য প্রতিদিন ৭১-৭২ পিএসআই গ্যাস প্রয়োজন হয়। আর ৫২-৫৩ পিএসআই গ্যাস পেলেই উৎপাদন চালু রাখা সম্ভব।