৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০
স্বাস্থ্য ক্যাডারে পাঁচ হাজার শূন্য পদে প্রার্থী নিয়োগের জন্য ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
আজ বৃহস্পতিবার বিপিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ হাজার পদের মধ্যে চার হাজার ৭০০টি সহকারী সার্জন এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জন পদ রয়েছে।
সহকারী সার্জন পদের জন্য আবেদনকারীদের এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং ডেন্টাল পদের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে। চলবে ২৫ অক্টোবর বিকেল ৬টা পর্যন্ত।
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী, প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে এবং তাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এমবিবিএস বা বিডিএস পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন তারাও সাময়িকভাবে আবেদন করতে পারবেন। তবে শর্ত রয়েছে, ২৫ অক্টোবরের মধ্যে তাদের সব লিখিত পরীক্ষা শেষ হতে হবে। প্রয়োজনীয় ডিগ্রি অর্জনে ব্যর্থ হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।
নিয়োগ পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের। যার মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা।
দুই ঘণ্টার এই লিখিত পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের প্রতিটিতে ২০ নম্বর করে, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তির প্রতিটিতে ১০ নম্বর করে এবং সংশ্লিষ্ট ক্যাডার বা বিষয়ভিত্তিক বিষয়ে ১০০ নম্বর।
অন্যদিকে মৌখিক পরীক্ষার মোট নম্বর ১০০, যেখানে পাস নম্বর ৫০।
আগামী নভেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে কেবল ঢাকায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, তবে পরীক্ষার্থীর সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় অন্যান্য জেলাতেও কেন্দ্র প্রস্তুত করা হতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফি ২০০ টাকা এবং তথ্য যাচাইয়ের ফি ৫ টাকা ধার্য করা হয়েছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা ফি ৫০ টাকা এবং তথ্য যাচাইয়ের ফি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের পাশাপাশি তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন সনদের অনুলিপি জমা দিতে হবে।