অনন্য রেকর্ডের অধিকারী রিয়াল কিংবদন্তির চিরবিদায়
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক তারকা স্প্যানিশ উইঙ্গার ফ্রান্সিসকো পাকো গেন্তো মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের রেকর্ড তার দখলে।
মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতিতে গেন্তোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।
বিবৃতিতে স্পেনের সফলতম ক্লাবটি লিখেছে, 'রিয়াল মাদ্রিদ সভাপতি ও বোর্ড পরিচালকরা ফ্রান্সিসকো গেন্তোর- রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সভাপতি এবং আমাদের ক্লাব ও বিশ্বের অন্যতম কিংবদন্তি- মৃত্যুতে গভীরভাবে শোকাহত।'
গেন্তো ছয়টি ইউরোপিয়ান কাপের পাশাপাশি ১২টি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপসহ মোট ২৩টি শিরোপা জেতেন। যা রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশি শিরোপা জয়ের কীর্তি। সেই রেকর্ড অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে টিকেছিল। স্প্যানিশ সুপার কাপ জিতে সম্প্রতি তাতে ভাগ বসান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।
গেন্তোর ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছিল রেসিং সান্তানদারের হয়ে। ১৯৫৩-৫৪ মৌসুমে তিনি নাম লেখান রিয়ালে। সেখানে তিনি আলফ্রেদো দি স্তেফানো ও ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তিদের সঙ্গে খেলেছিলেন।
১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ১৮ বছর রিয়ালের প্রতিনিধিত্ব করেছিলেন গেন্তো। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০ ম্যাচ খেলে ১৮২ বার জালের ঠিকানা খুঁজে পেয়েছিলেন তিনি।
জাতীয় দল স্পেনের হয়ে গেন্তোর ক্যারিয়ার অবশ্য আলো ঝলমলে ছিল না। ১৯৫৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত লা রোহাদের জার্সিতে ৪৩ ম্যাচ খেলেছিলেন তিনি, গোল করেছিলেন পাঁচটি। তাদের হয়ে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি।