আব্রামোভিচ নিষেধাজ্ঞা পাওয়ায় স্থগিত চেলসি বিক্রির উদ্যোগ
রাশিয়ার ধনকুবের ও চেলসির মালিক রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে তিনি ক্লাবটি বিক্রির যে উদ্যোগ নিয়েছিলেন, তা স্থগিত হয়ে গেল। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের ম্যাচ খেলায় কোনো বাধা নেই।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাজ্য সরকার আব্রামোভিচকে নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করার মাধ্যমে তার সম্পত্তি জব্দ করবে। যতদিন নিষেধাজ্ঞা চলবে, ততদিন চেলসি বিক্রি করতে পারবেন না তিনি। তাছাড়া, ক্লাবটির খেলোয়াড়, নতুন টিকিট ও পণ্য বিক্রিও স্থগিত হয়ে গেছে। আগে থেকে পুরো মৌসুমের টিকিট যারা কিনে রেখেছেন, এখন থেকে কেবল তারাই মাঠে যাওয়ার সুযোগ পাবেন।
গত সপ্তাহে চেলসি বিক্রি করে দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছিলেন আব্রামোভিচ। কিন্তু তিনি নিষেধাজ্ঞা পাওয়ায় ক্লাবটিকে দেওয়া লাইসেন্সের শর্ত অনুসারে, বিক্রির প্রক্রিয়ায় বাধা তৈরি হয়েছে। চেলসিকে একটি বিশেষ লাইসেন্স দিয়েছে যুক্তরাজ্য সরকার যাতে তারা ম্যাচ খেলতে এবং খেলোয়াড়, কর্মকর্তা ও অন্যান্য স্টাফদের বেতন দিতে পারে।
যুক্তরাজ্যের ক্রীড়া বিষয়ক মন্ত্রী নাডিন ডরিস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেছেন, চেলসির জন্য বিশেষ লাইসেন্স জারি করা হয়েছে যেন তারা অকারণে ক্ষতিগ্রস্ত না হয়, 'আমি জানি, এই সিদ্ধান্ত বেশ কিছু অনিশ্চয়তা নিয়ে এসেছে। তবে সরকার লিগ ও ক্লাবগুলোর সঙ্গে কাজ করে যাবে যাতে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের নিষেধাজ্ঞা নিশ্চিত হয়। ফুটবল ক্লাবগুলো সাংস্কৃতিক সম্পদ এবং আমাদের সম্প্রদায়ের ভিত্তিস্বরূপ। আমরা তাদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
বৃহস্পতিবার থেকেই চেলসিকে দেওয়া বিশেষ লাইসেন্স কার্যকর হবে। এর মেয়াদ শেষ হবে আগামী ৩১ মার্চ। তবে এই সময়ের মধ্যে সেটা পর্যালোচনার মধ্যে রাখা হবে।
২০০৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি কিনেছিলেন আব্রামোভিচ। দলটির পেছনে তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উপভোগ করেছেন দারুণ সাফল্য। তার মালিকানায় এখন পর্যন্ত পাঁচটি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়ন্সসহ অনেক শিরোপা জিতেছে ব্লুজরা।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পৃক্ততার দায়ে আব্রামোভিচসহ সাত প্রভাবশালী রাশানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার।