ইউনাইটেড ভক্ত সাংবাদিকের কাছে 'ক্ষমা চাইলেন' গার্দিওলা
নিউক্যাসল ইউনাইটেডকে বিধ্বস্ত করার পর সংবাদ সম্মেলনে হাস্যরসের জন্ম দিলেন পেপ গার্দিওলা। সেখানে প্রশ্নকর্তা এক সাংবাদিককে লিভারপুলের ভক্ত ভেবে বসেন ম্যানচেস্টার সিটির কোচ। সেই সাংবাদিক ভুল ভাঙিয়ে জানান, তিনি মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। তৎক্ষণাৎ রসিকতার সুরে ক্ষমা চান সময়ের অন্যতম সেরা কোচ গার্দিওলা।
একপেশে লড়াইয়ে জিতে ৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে সিটিজেনরা। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুল। বাকি থাকা তিন ম্যাচে ৭ পয়েন্ট পেলেই আসরের শিরোপা ধরে রাখবে গার্দিওলার শিষ্যরা। তাদের পরের তিন প্রতিপক্ষ হলো যথাক্রমে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ওয়েস্টহ্যাম ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক গার্দিওলার কাছে প্রশ্ন রাখেন, নিউক্যাসলের বিপক্ষে দলের এমন পারফরম্যান্সে তিনি 'পরমানন্দ' অনুভব করছেন কিনা? সেসময় বাঁকা হাসি খেলে যায় ম্যান সিটির কোচের ঠোঁটে। তিনি জবাবে বলেন, 'আপনার কি কোনো সন্দেহ আছে তাতে? হ্যাঁ, আপনি নিশ্চয়ই লিভারপুলের একজন ভক্ত।'
এরপর গার্দিওলা জানতে পারেন, ওই সাংবাদিক লিভারপুলের নয়, আসলে ম্যান ইউনাইটেডের সমর্থক। সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন কক্ষে পড়ে যায় হাসির রোল। গার্দিওলা তখন বলে ওঠেন, 'আমি দুঃখিত।'
প্রিমিয়ার লিগের এবারের আসরটা দুঃস্বপ্নের মতো কেটেছে সিটির শহর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের জন্য। ৩৭ ম্যাচে দলটির পয়েন্ট ৫৮। রেড ডেভিলরা আছে তালিকার ষষ্ঠ স্থানে। এই অবস্থানের উপরে থেকে লিগ শেষ করা সম্ভব নয় তাদের পক্ষে। এমন হতাশাজনক পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করেই হয়তো ওরকম মন্তব্য করেন গার্দিওলা।
উল্লেখ্য, রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গোল উৎসব করেছে ম্যান সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার ক্ষত সামলে তারা নিউক্যাসলকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। জোড়া গোল করেন ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং। একবার করে লক্ষ্যভেদ করেন রদ্রি, ফিল ফোডেন ও আইমেরিক লাপোর্ত।