ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন মেসির মুখপাত্র
গুঞ্জনের শুরু যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডিরেক্ট টিভির সাংবাদিক অ্যালেক্স কান্দালের বরাত দিয়ে। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও প্রকাশ পায় এ খবর। আগামী মৌসুমে পিএসজির চুক্তি শেষে লিওনেল মেসি পাড়ি জমাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। ইন্টার মায়ামির সঙ্গে এ নিয়ে চুক্তিও হয়ে গেছে বলে জানায় তারা। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মেসির মুখপাত্র।
ফরাসি সংবাদমাধ্যম লা পার্সিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির মুখপাত্র বলেছেন, 'লিও তার ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। যদি লিও মেসি গত কয়েক ঘণ্টায় ডেভিড বেকহ্যামের সঙ্গে কথা দিয়ে থাকেন তাহলে এটা শুধুমাত্র দোহায় পিএসজির অংশ হিসাবে সেখানে সাবেক ইংলিশ মিডফিল্ডার কাতারে পরবর্তী বিশ্বকাপে দূত হিসাবে ভূমিকা পালন করবেন।'
মঙ্গলবার দিনভর গুঞ্জন ছিল ২০২৩ সালে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির ইতি ঘটলে ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন মেসি। সেখানে নাম লেখানোর আগে ক্লাবটির ৩৫ শতাংশ শেয়ারের মালিকও হতে যাচ্ছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড। মায়ামির বর্তমান মালিকদের মধ্যে আছেন ইংল্যান্ডের সাবেক তারকা ও অধিনায়ক ডেভিড বেকহ্যাম।
গত জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে পিএসজিতে নাম লেখান মেসি। নতুন ক্লাবে চলতি মৌসুমে অবশ্য নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। যে কারণে ক্লাব সমর্থকদের কাছ থেকে নিয়মিত দুয়ো শুনেছেন তিনি। তারপরও এ ক্লাবে সুখেই আছেন বলে আসছেন এ তারকা। আগামী মৌসুমে তার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
এর আগে ২০২০ সালে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যেতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মেসি। স্প্যানিশ গণমাধ্যম লা সেক্সতাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমার সব সময়েরই স্বপ্ন যে আমি যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা অর্জন করব ও তা উপভোগ করতে পারব। সেখানকার ফুটবল লিগ কেমন তা-ও অনুভব করতে চাই। কিন্তু এখনই নয়।'
এর আগে এমএলএসে ওয়েন রুনি, থিয়েরি অঁরি, জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকা খেলোয়াড়রা খেলে এসেছেন। বর্তমানে ইন্টার মায়ামির বড় তারকাদের মধ্যে আছেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। তাদের দুজনের চুক্তির মেয়াদই চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে।