এমবাপের সেই বিতর্কিত মন্তব্য সম্পর্কে জানেনই না মেসি!
এইতো কদিন আগেই ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বিতর্কিত এক মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ বাছাই পর্বে তাদের উঁচু মানের ফুটবল হয় না বলেই মনে করেন এ ফরাসি তরুণ। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন লিওনেল মেসির অনেক সতীর্থরাই। কিন্তু এমবাপের সে মন্তব্য সম্পর্কে জানেনই না মেসি!
নানা নাটকের পর পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের পর দেওয়া বিশদ এক সাক্ষাৎকার দিয়েছেন এমবাপে। সেখানেই বিতর্কিত সে মন্তব্যটি করেন তিনি। তবে বিষয়টি বিস্তারিত জানেন না বলে আগের দিন আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসিকে মেসি বলেন, 'আমি দেখিনি সে (এমবাপে) কোন প্রেক্ষিতে এবং কি বলেছে।'
তবে এমবাপেকে কৌশলে জবাবটা ঠিকই দিয়ে দিয়েছেন এ আর্জেন্টাইন তারকা, 'স্পেনে অনেক সময় আমার সতীর্থদের সঙ্গে এসব নিয়ে কথা বলতাম। যখন আমরা কোয়ালিফায়ার খেলে ফিরতাম এবং তাদেরকে বলতাম, "জানো তোমাদের জন্য ওখানে গিয়ে খেলে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করা কতোটা কঠিন হবে?"'
'আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না। দক্ষিণ আমেরিকায় ফুটবল ইউরোপের মতো উন্নত নয়।' ল্যাতিন আমেরিকার ফুটবল নিয়ে এমনটাই বলেছিলেন এমবাপে। যা নিয়ে তখনই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ল্যাতিন আমেরিকার সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়রা।
শুরুতেই দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফ্যাবিনহো। এরপর আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ সহ অনেকেই। বলিভিয়ার উচ্চতায়, ইকুয়েডরের গরমে, কলম্বিয়ায় নিঃশ্বাস নেওয়া কঠিন বলে জানান তারা। একই সঙ্গে ভ্রমণ ক্লান্তির কথাও উল্লেখ করেন তারা। কারণ অধিকাংশ খেলোয়াড়ই খেলেন ইউরোপে।
বলিভিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হওয়ায় অক্সিজেনের স্বল্পতায় বরাবরই কাবু হয়ে থাকে সফরকারীরা। সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় (৩ হাজার ৬৫০ মিটার) অবস্থিত রাজধানী লা পাজের এস্তাদিও এর্নান্দো সাইলেস। তাদের মাঠে আর্জেন্টিনার ৬-১ গোলে হারার রেকর্ডও আছে। আর ইকুয়েডরের স্বাভাবিক তাপমাত্রাই ৩০ ডিগ্রীর উপরে। একই পরিস্থিতি কলোম্বিয়াতেও।