এল ক্লাসিকোর আগে রিয়াল-বার্সায় চোটের হানা
দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পরস্পরকে মোকাবিলা করার আগে পেল দুসংবাদ। বার্সার চেয়ে রিয়াল অবশ্য বেশি জোরে ধাক্কা খেল। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে রিয়াল পাচ্ছে না স্ট্রাইকার করিম বেনজেমাকে। একই কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সা ডিফেন্ডার সার্জিনো ডেস্ট।
স্প্যানিশ লা লিগার চলমান মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো মাঠে গড়াবে রোববার। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়। ম্যাচের ভেন্যু রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু।
দারুণ ছন্দে থাকা ফরাসি তারকা বেনজেমাকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত তা সত্যি হয়েছে। পায়ের মাংসপেশির চোট তাকে ঠেলে দিয়েছে এল ক্লাসিকোর বাইরে।
গত সোমবার রাতে ওসাসুনার বিপক্ষে লিগের ম্যাচে জোড়া গোল করার পর অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন বেনজেমা। পরে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, তার শিষ্যের চোট গুরুতর কিছু নয়। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছিলেন, বেনজেমা সময়মতো সেরে উঠবেন। তবে সেই চাওয়া পূরণ হয়নি। ফলে বেনজেমাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে লস ব্লাঙ্কোসরা।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তারকা ডেস্ট চোট পেয়েছেন বাম হ্যামস্ট্রিংয়ে। গত বৃহস্পতিবার রাতে গালাতাসারাইয়ের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেরে না ওঠায় তার জায়গা হয়নি রিয়ালের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে।
লিগের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হেরেছিল বার্সা। বিজয়ী রিয়ালের দুই গোলদাতা ছিলেন ডেভিড আলাবা ও লুকাস ভাজকেজ। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে ইতোমধ্যে অবসরে যাওয়া সার্জিও আগুয়েরো।
২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে দুইয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৫৬। ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আসরের শিরোপাধারী অ্যাতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে বার্সেলোনা।