চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে টিকে থাকল যারা
গ্রুপ পর্বের পর শেষ ষোলোর লড়াইয়েরও ইতি ঘটেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আরেকটি ধাপ পেরিয়ে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসরের শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখে টিকে আছে আটটি ক্লাব।
বুধবার রাতে শেষ আটের টিকিট পেয়েছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ও ভিয়ারিয়াল। তাদের আগেই এই পর্বে উঠেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও বেনফিকা।
ফিরতি লেগে জুভেন্তাসের মাঠে ৩-০ গোলের নাটকীয় জয় পেয়েছে ভিয়ারিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে তারা পা রেখেছে শেষ আটে। রাতের আরেক ম্যাচে লিলের মাঠে ২-১ গোলে জিতেছে চেলসি। তারাও দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে নাম লিখিয়েছে।
শেষ ষোলোর ফল:
| টিকে রইল | বাদ পড়ল | প্রথম লেগ | দ্বিতীয় লেগ | ফল |
|---|---|---|---|---|
| বায়ার্ন মিউনিখ | সালজবুর্গ | ১-১ | ৭-১ | ৮-২ |
| লিভারপুল | ইন্টার মিলান | ২-০ | ০-১ | ২-১ |
| ম্যানচেস্টার সিটি | স্পোর্টিং লিসবন | ৫-০ | ০-০ | ৫-০ |
| রিয়াল মাদ্রিদ | পিএসজি | ০-১ | ৩-১ | ৩-২ |
| বেনফিকা | আয়াক্স আমস্টারডাম | ২-২ | ১-০ | ৩-২ |
| অ্যাতলেতিকো মাদ্রিদ | ম্যানচেস্টার ইউনাইটেড | ১-১ | ১-০ | ২-১ |
| ভিয়ারিয়াল | জুভেন্তাস | ১-১ | ৩-০ | ৪-১ |
| চেলসি | লিল | ২-০ | ২-১ | ৪-১ |
দুই লেগ মিলিয়ে সবচেয়ে বড় ব্যবধানে (৮-২) এগিয়ে থেকে কোয়ার্টারে উঠেছে বায়ার্ন। প্রথম লেগে সালজবুর্গের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে তারা জেতে ৭-১ গোলে।
জুভেন্তাস ও লিলের পাশাপাশি শেষ ষোলো থেকে বাদ পড়েছে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, আয়াক্স আমস্টারডাম, স্পোর্টিং লিসবন ও সালজবুর্গ।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
কোয়ার্টার ফাইনালে উঠল যারা:
| ক্লাব | দেশ |
|---|---|
| চেলসি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল | ইংল্যান্ড |
| রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল | স্পেন |
| বায়ার্ন মিউনিখ | জার্মানি |
| বেনফিকা | পর্তুগাল |