দাপুটে পারফরম্যান্সে অ্যাতলেতিকোকে হারিয়ে শীর্ষ চারে বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ার পর দমে না গিয়ে উল্টো উজ্জীবিত হয়ে উঠল বার্সেলোনা। একে একে শিরোপাধারী অ্যাতলেতিকো মাদ্রিদের জালে তারা বল পাঠাল চারবার! দানি আলভেস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে আরেক গোল হজম করলেও পূর্ণ পয়েন্ট পেতে অসুবিধা হলো না তাদের। দাপুটে পারফরম্যান্সে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ চারে জায়গা করে নিল কাতালানরা।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে ৪-২ গোলে জিতেছে জাভির শিষ্যরা। প্রথমার্ধের স্কোরলাইন ছিল ৩-১। ম্যাচের শেষদিকে প্রায় আধা ঘণ্টা বার্সাকে খেলতে হয় দশ জন নিয়ে। লিগে নিজেদের মাঠে এই নিয়ে টানা ১৬ ম্যাচ অ্যাতলেতিকোর বিপক্ষে অপরাজিত থাকল দলটি।
স্বাগতিকদের হয়ে জালের ঠিকানা খুঁজে নেন জর্দি আলবা, গাভি, রোনালদ আরাউহো ও আলভেস। সফরকারীদের দুই গোলদাতা হলেন ইয়ান্নিক কারাসকো ও বার্সারই সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
বল দখলে এগিয়ে থাকা বার্সেলোনা গোলমুখে নয়টি শট নিয়ে লক্ষ্যে রাখে চারটি। অ্যাতলেতিকোও চারটি শট রাখে লক্ষ্যে। তবে তারা গোলমুখে একটি শট বেশি নেয়।
ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় অ্যাতলেতিকো। ডান প্রান্ত থেকে সুয়ারেজের পাসে ডি-বক্সের ভেতর থেকে ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের গোলরক্ষক মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন বেলজিয়ান ফরোয়ার্ড কারাসকো। তবে এই লিড দুই মিনিটও ধরে রাখতে পারেনি দলটি। দশম মিনিটে চোখ ধাঁধানো গোলে স্বাগতিক ভক্তদের উল্লাসে মাতান স্প্যানিশ ডিফেন্ডার আলবা। আলভেসের ক্রসে বাঁ পায়ের ভলিতে জাল কাঁপান তিনি।
২১তম মিনিটে গাভির হেড অ্যাতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক ফেরাতে ব্যর্থ হলে এগিয়ে যায় বার্সা। এই গোলের যোগানদাতা প্রথমবারের মতো তাদের জার্সিতে খেলতে নামা স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রাওরে। সবশেষ শীতকালীন দলবদলে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে তাকে ধারে দলে টেনেছে বার্সেলোনা।
৪৩তম মিনিটে ব্যবধান বাড়ান আরাউহো। আলভেসের ফ্রি-কিকে জেরার্দ পিকের হেড ক্রসবারে বাধা পাওয়ার পর গোলপোস্টের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই উরুগুইয়ান ডিফেন্ডার। বিরতির পরও একই ছন্দে শুরু করে বার্সা। ম্যাচের ৪৯তম মিনিটে তাদের পক্ষে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেস। অনেকটা দূর থেকে ডান পায়ের জোরালো শটে ওবলাককে ফাঁকি দেন। দ্বিতীয় মেয়াদে বার্সায় যোগ দেওয়ার পর এটাই তার প্রথম গোল।
নয় মিনিট পর উরুগুইয়ান তারকা সুয়ারেজের গোলে ব্যবধান কমায় অ্যাতলেতিকো। কোকের কর্নারে হোসে জিমেনেজ মাথা ছোঁয়ানোর পর সফল হেড করেন তিনি। বরাবরের মতো এবারও সাবেক ক্লাব বার্সার বিপক্ষে গোল উদযাপন করেননি তিনি।
৬১তম মিনিটে অভিষিক্ত ত্রাওরের বদলি হিসেবে মাঠে নামেন আরেক অভিষিক্ত পিয়েরে-এমেরিক অবামেয়াং। কদিন আগে ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে বার্সায় নাম লিখিয়েছেন তিনি। ৬৮তম মিনিটে কারাসকোকে বিপজ্জনকভাবে ফাউল করে বসেন অভিজ্ঞ আলভেস। ভিএআরের সাহায্য নিয়ে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি কোনো পক্ষ।
২২ ম্যাচে ১০ জয় ও ৮ ড্রয়ে বার্সার পয়েন্ট ৩৮। তারা উঠে গেছে লা লিগার পয়েন্ট তালিকার চারে। এক ধাপ নিচে নেমে পাঁচ নম্বরে অবস্থান করছে অ্যাতলেতিকো। সমান ম্যাচে দিয়েগো সিমিওনের শিষ্যদের নামের পাশে রয়েছে ৩৬ পয়েন্ট। লিগের শিরোপা ধরে রাখার সম্ভাবনা তাদের নেই বললেই চলে। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আসরের সফলতম দল রিয়াল মাদ্রিদ।
